বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান শুক্রবার সকাল সাড়ে নয়টায় ঢাকায় আসবেন। ঢাকায় এসে অসুস্থ শাশুড়ি খালেদা জিয়াকে সঙ্গে নিয়ে লন্ডনে ফিরবেন তিনি।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন। সময়ের আলোকে তিনি বলেন, শুক্রবার সকাল সাড়ে নয়টায় শাহজালাল ফিরবেন জুবাইদা রহমান শাহজালাল বিমানবন্দরে নামবেন। তাকে আমরা রিসিভ করব। অসুস্থ শাশুড়িকে (খালেদা জিয়া) সঙ্গে নিয়ে তিনি আবার লন্ডনে ফিরবেন।
এদিকে তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ফেসবুকে জানান, এই চিকিৎসা-প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে আছেন ডা. জোবাইদা রহমান, যিনি লন্ডন থেকে সার্বিক সমন্বয় করে যাচ্ছেন। তিনি শুক্রবার সকালে ঢাকা পৌঁছানোর চেষ্টা করবেন, যেন খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যেতে পারেন। তবে তার আগেই যদি ফ্লাইট ব্যবস্থা করা যায় কিংবা তার আসা না হয়, সেই বিবেচনায় লন্ডনের বিশেষজ্ঞ চিকিৎসক রিচার্ড বিলি ইতিমধ্যে ঢাকায় এসেছেন।
জানা যায়, উন্নত চিকিৎসায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে যুক্তরাজ্যে নেওয়া হচ্ছে। তাকে বহনকারী কাতার এয়ার অ্যাম্বুলেন্সটি আজ শুক্রবার সকাল সাড়ে ১০টার পর ঢাকা ত্যাগ করার কথা। খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার থেকে অ্যাম্বুলেন্সযোগে হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হবে। তাকে ভর্তি করা হবে অত্যাধুনিক লন্ডন ব্রিজ হাসপাতালে। বৃহস্পতিবার সন্ধ্যায় খালেদা জিয়ার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের একজন সদস্য সময়ের আলোকে এসব তথ্য জানান।
তিনি বলেন, ম্যাডাম আগের চেয়ে কিছুটা ভালো। তাকে ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে রাখা হয়েছে। সবচেয়ে ভালো লক্ষণ হল- তার চেস্ট (বুক) পরিষ্কার হচ্ছে। নিউমোনিয়োয় আক্রান্ত হওয়ায় যেখানে কফ জমে ছিল। বৃহস্পতিবার ম্যাডামের স্বাস্থ্যের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়েছে। যেখানে প্যারামিটারগুলো ভালোর দিকে যাচ্ছে। মেডিকেল বোর্ড এতে স্বস্তি প্রকাশ করেছে।
এক প্রশ্নের জবাবে এই চিকিৎসক বলেন, শুক্রবার সকালে খালেদা জিয়াকে হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্সযোগে বিমানবন্দরে নেওয়া হবে। কিছু প্রক্রিয়া শেষ করে হয়তো সকাল ১১টার মধ্যে লন্ডনের উদ্দেশ্যে রওনা করা সম্ভব হবে। তিনি জানান, প্রথমে সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা হয়েছে। কিন্তু সেখানে মাল্টিপুল ডিসপেন্সারি সেন্টার অত্যাধুনিক না হওয়ায় লন্ডনে নেওয়ার সিদ্ধান্ত হয়। আর চীন থেকে আগত চিকিৎসক দল ম্যাডামকে তাদের দেশে নিতে জোর আগ্রহ দেখিয়েছিল। সবশেষ মেডিকেল বোর্ড লন্ডন ব্রিজ হাসপাতাল চূড়ান্ত করে।
সময়ের আলো/জেডআই