সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্য জার্মানি থেকে এয়ার অ্যাম্বুলেন্স আসবে। শুক্রবার (৫ ডিসেম্বর) ঢাকার কাতার দূতাবাস এ তথ্য নিশ্চিত করে।
দূতাবাস জানায়, কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় শনিবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে এয়ার অ্যাম্বুলেন্সটি। জার্মানির এয়ার অ্যাম্বুলেন্স কোম্পানি হলেও ভাড়া থেকে শুরু করে যাবতীয় সব ব্যবস্থাপনা করছে কাতার সরকার।
এর আগে কাতারের আমিরের পাঠানো এয়ার অ্যাম্বুলেন্স কারিগরি ত্রুটির কারণে ঢাকায় না আসায় উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার তারিখ পিছিয়ে যায়। বিএনপির মিডিয়া সেল দুপুরে তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানিয়েছে।
মিডিয়া সেল জানায়, কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স এখনও না পৌঁছানোয় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার প্রক্রিয়াটি কিছুটা পিছিয়ে যাচ্ছে।
এদিকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেয়ার উদ্দেশ্যে ঢাকায় এসেছেন ডা. জুবাইদা রহমান। তিনি শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে করে ঢাকায় পৌঁছান ডা. জুবাইদা। সকাল পৌনে ১১টার দিকে তিনি ভিআইপি গেট দিয়ে বিমানবন্দর এলাকা ত্যাগ করেন। সেখান থেকে সরাসরি এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন। বেলা পৌনে ১২টার দিকে তাকে বহনকারী গাড়িবহর হাসপাতালে পৌঁছায়।
সময়ের আলো/জেডআই