কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে গীতাপাঠের অনুষ্ঠান চলাকালে চিকেন প্যাটিস বিক্রি করায় এক বিক্রেতাকে উগ্র হিন্দুদের হামলার অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, মুরগির মাংসের প্যাটিস বিক্রি করায় কয়েকজন উগ্র হিন্দু ওই বিক্রেতাকে মারধর করেন এবং তার খাবার মাটিতে ফেলে দেন। হেনস্তার শিকার ওই ব্যক্তির নাম শেখ রিয়াজুল। তিনি দীর্ঘদিন ধরেই নিরামিষ ও আমিষ দুই ধরনেরই প্যাটিস বিক্রি করেন।
রোববার (৭ ডিসেম্বর) এই ঘটনাটি ঘটে বলে বিভিন্ন সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে।
জানা গেছে, ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ে। এতে দেখা যায়, বিক্রেতা গীতাপাঠ অনুষ্ঠানে মাংসের প্যাটিস বিক্রি করায় তাকে হেনস্তা করা হচ্ছে। পরে তার খাবার মাটিতে ফেলে দেওয়া হয়, তাকে মারধর করা হয় এবং কান ধরে ওঠবস করানো হয়। মোহম্মদ সালাউদ্দিন নামে আরেক বিক্রেতাকেও একইভাবে হেনস্তার শিকার হতে হয়েছে বলে আরও জানা গেছে।
এ ঘটনায় ময়দান থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, সেদিন যারা গীতা পাঠ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে এসেছিলেন তারাই এ বিক্রেতাদের হেনস্তা করেন।
ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন, ডিসিপি সাউথ প্রিয়ব্রত রায়।
এদিকে, এ ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক বিতণ্ডাও শুরু হয়েছে। তৃণমূল ও বামসহ বিরোধীদলগুলো ইতোমধ্যে বিজেপির সমালোচনা করছে। আয়োজকদেও পক্ষ থেকেও এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
গীতাপাঠ অনুষ্ঠানের আয়োজক সংস্থা সনাতন সংস্কৃতি সংসদ হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, আমরা কোনো সহিংসতাকে সমর্থন করি না। মাঠ কোনো মন্দির বা আশ্রম নয়। কে কী খাবার বিক্রি করবে সে নিয়ে আমরা কোনো নির্দেশে দিইনি। যারা হামলা করেছে, তাদের আইনের আওতায় আনা উচিত।
সময়ের আলো/কেএইচও