জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান। শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে জামায়াত আমিরের উপস্থিতিতে মেজর (অব.) আক্তারুজ্জামান বাংলাদেশ জামায়াতে ইসলামীর নীতি ও আদর্শ, দেশপ্রেম এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় জামায়াতে ইসলামীর অবিচল অবস্থানের প্রতি গভীর আস্থা ও সন্তোষ প্রকাশ করেন। এ সময় তিনি সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামীতে যোগদান করেন।
তিনি ইসলাম ও ইসলামী মূল্যবোধ, দেশের স্বার্থ এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় অবশিষ্ট জীবন অতিবাহিত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিয়ম-নীতি, আদর্শ, দলীয় শৃঙ্খলা ও আনুগত্যের প্রতি সর্বদা অনুগত থাকার অঙ্গীকার করেন।
আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান তাকে আন্তরিকভাবে আলিঙ্গন করেন এবং তার দীর্ঘ নেক হায়াত কামনা করেন।
দলীয় শৃঙ্খলা-পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান পঞ্চমবারের মতো বিএনপি থেকে বহিষ্কৃত হন ২০২২ সালের ২০ ফেব্রুয়ারি। তবে নানা সময় সমসাময়িক ইস্যু নিয়ে টক শো কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে কথা বলে তিনি আলোচনায় ছিলেন।
যোগদান অনুষ্ঠানে জামায়াতের সেক্রেটারি জেনারেল, সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম উপস্থিত ছিলেন।
মেজর আখতারুজ্জামান সময়ের আলোকে বলেন, আমি জামায়াতে যোগ দিয়েছি কিন্তু জাতীয় নির্বাচনে অংশ নেব না। তারেক রহমান বলেছেন, ‘জামায়াত লক্ষ লক্ষ লোক মেরেছে’ তার এই বক্তব্যের জন্য আমি জামায়াতে যোগ দিয়েছি। যারা এত লোক মারতে পারে তারাই তো শক্তিশালী তাদের পাশে থাকা দরকার।
আক্তারুজ্জামান ১৯৯১ ও ১৯৯৬ সালে বিএনপি থেকে প্রার্থী হয়ে টানা দুইবার কিশোরগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সে সময় কেবল কটিয়াদী উপজেলা নিয়েই এ আসন গঠিত ছিল। ২০০৮ সাল থেকে কটিয়াদীর সঙ্গে পাকুন্দিয়া উপজেলাকে যুক্ত করা হয়।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ প্রতীকে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সাবেক আইজিপি নূর মোহাম্মদের কাছে পরাজিত হন। এছাড়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে নির্বাচন করেও তিনি পরাজিত হন।
সময়ের আলো/জেডআই