তারেক রহমানের সঙ্গে দেশে ফিরতে বিমানের টিকিট কেনার হিড়িক

নিজস্ব প্রতিবেদক

রাজনীতি

আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন দলের শীর্ষ এ নেতা।

2025-12-17T21:19:58+00:00
2025-12-17T21:20:52+00:00
 
  মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬,
৪ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
রাজনীতি
তারেক রহমানের সঙ্গে দেশে ফিরতে বিমানের টিকিট কেনার হিড়িক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫, ৯:১৯ পিএম  আপডেট: ১৭.১২.২০২৫ ৯:২০ পিএম
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংগৃহীত ছবি
আগামী ২৫ ডিসেম্বর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরছেন। দীর্ঘ ১৮ বছর পর দেশে ফিরছেন দলের শীর্ষ এ নেতা। বিএনপির পক্ষ থেকে আগেই এ তথ্য জানানো হলেও গতকাল মঙ্গলবার নিজেই চূড়ান্ত তারিখ ঘোষণা করেছেন তিনি। তার দেশে ফেরা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আগ্রহের শেষ নেই। সে প্রভাব পড়েছে বিমানের টিকিটেও। যে ফ্লাইটে তিনি দেশে ফিরবেন তা নির্ধারিত হওয়ার সঙ্গে সঙ্গে ওই ফ্লাইটের টিকিট কাটার জন্য নেতাকর্মীদের মাঝে রীতিমতো হিড়িক পড়ে গেছে। 

সূত্র থেকে জানা গেছে, লন্ডন সময় আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে বাংলাদেশে বিমানের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন তারেক রহমান। বিজি২০২ ফ্লাইটে তার সঙ্গে বিএনপির অন্তত ৫০ জন নেতা-কর্মী থাকবেন। বাংলাদেশ সময় ২৫ ডিসেম্বর সকালে ঢাকার মাটিতে পা রাখতে পারেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

জানা গেছে, তারেক রহমানের দেশে ফেরার খবরে বিএনপির অনেক নেতাকর্মী একই ফ্লাইটের টিকিট পাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে সব টিকিট বিক্রি হয়ে গেছে। 

এদিকে, দেশে ফেরার সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীদের এয়ারপোর্টে বিদায় দিতে ভিড় না করার অনুরোধ জানিয়েছেন তারেক রহমান। গতকাল মঙ্গলবার লন্ডনে যুক্তরাজ্য বিএনপি আয়োজিত বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি বলেন, ‘আপনাদের সাথে বহুদিন ছিলাম। ১৭ প্রায় ১৮ বছর আপনাদের সাথে ছিলাম, কিন্তু আগামী ২৫ তারিখে ইনশাআল্লাহ আমি দেশে চলে যাচ্ছি।’ 

দেশে ফেরার সময় লন্ডনের বিমানবন্দরে কোনও ধরনের হট্টগোল সৃষ্টি না করার অনুরোধ জানিয়ে তিনি বলেন, ‘২৫ তারিখে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। কিন্তু, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের কাছে আমার অনুরোধ, দয়া করে কেউ আপনারা সেদিন এয়ারপোর্টে যাবেন না। ‌‌কারণ, এয়ারপোর্টে গেলে একটি হট্টগোল তৈরি হবে। মানুষ জানবে যে এরা সবাই বাংলাদেশি। এতে করে দেশের সুনাম নষ্ট হবে। দলের সুনাম নষ্ট হবে।’ 


এদিকে, তারেক রহমান দেশে ফেরার আগে তার বাসভবন ও অফিসের সংস্কার কাজও প্রায় শেষ। সরেজমিনে দেখা যায়, দেয়ালে রঙ, কাঁটাতারের বেড়া আর নিরাপত্তায় সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বাড়ির চারপাশে। সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতে পুলিশ বক্স বসানো হয়েছে। ছোট গেইট বদলে বড় করে লাগানো হয়েছে। ভেতরের সংস্কার কাজও শেষের দিকে। 

এ বিষয়ে বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, গুলশান এভিনিউয়ের ১৯৬ নম্বর বাড়ি প্রায় প্রস্তুত। কোনও কারণে পুরোপুরি প্রস্তুত না হলে পাশেই মায়ের ভাড়া বাসা ফিরোজায় উঠবেন তারেক রহমান। দেশে ফিরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে অফিস করবেন তিনি। 

তিনি জানান, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এখন ঢাকায় আছেন। তাদের একমাত্র কন্যা সন্তান ব্যারিস্টার জাইমা রহমানও বাবার সঙ্গে দেশে ফিরতে পারেন। 

অন্যদিকে, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ‘প্রধান নিরাপত্তা কর্মকর্তা’ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলামকে নিয়োগ দেয়া হয়েছে। 

এক বিজ্ঞপ্তিতে বিএনপি জানিয়েছে, দলের সর্বোচ্চ নেতৃত্বের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার ও সুসংহত করার লক্ষ্যে এই নিয়োগ দেয়া হয়েছে। 

উল্লেখ্য, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান তারেক রহমান। এরপর আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে আর দেশে ফেরা হয়নি তার। 

সময়ের আলো/এনএ 
  বিষয়:   তারেক রহমান  দেশে ফিরতে  নেতাকর্মী  বিমান  টিকিট 


Advertisement
Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: