শহিদ ওসমান হাদির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত খুনিদের দ্রুত গ্রেফতারের দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে ইনকিলাব মঞ্চ। আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় শাহবাগ থেকে কেন্দ্রীয় শহিদ মিনার পর্যন্ত বিক্ষোভ কর্মসূচি পালিত হবে।
রোববার (২১ ডিসেম্বর) রাতে নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ কর্মসূচি ঘোষণা করে সংগঠনটি। পোস্টে ইনকিলাব মঞ্চ জানায়, আগামীকাল সোমবার (২২ ডিসেম্বর) দুপুর ৩টায় শাহবাগের ‘শহিদ হাদি চত্বর’ থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এর আগের পোস্টে সোমবার দুপুরে সংবাদ সম্মেলনে কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানায় ইনকিলাব মঞ্চ।
সেই পোস্টে বলা হয়, দশ লক্ষাধিক মানুষের উপস্থিতি ও উচ্চকিত সম্মতিতে ঘোষিত ইনকিলাব মঞ্চের ২ দফা দাবির ১ দফাও মানা হয় নাই। স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহ-স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে ব্যাখ্যা দেওয়া হয়নি।
পোস্টে আরও বলা হয়, সিভিল-মিলিটারি গোয়েন্দা সংস্থার ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ কর্তৃত্ব স্থাপনপূর্বক সেসব সংস্থা থেকে হাসিনার চরদের গ্রেফতার করা হয়নি। অ্যাডিশনাল আইজিপিকে দিয়ে সংবাদ সম্মেলন করিয়ে শহিদ ওসমান হাদিকে হত্যার ঘটনাকে তুচ্ছ ও অগুরুত্বপূর্ণ দেখানো হয়েছে। এ প্রেক্ষিতে আগামীর কর্মসূচি ও দাবি নিয়ে ইনকিলাব মঞ্চের সংবাদ সম্মেলন আহ্বান করছি।
এই পোস্টের কিছুক্ষণ পর আরও এক পোস্টে বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করে সংগঠনটি।