দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অসুস্থ মা খালেদা জিয়ার পাশে সময় কাটাতে এভারকেয়ার হাসপাতালে যান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মায়ের সঙ্গে সাক্ষাৎ ও সময় কাটানো শেষে গুলশানের বাসায় গিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান শেষে মাকে দেখতে এভারকেয়ারে যান তারেক রহমান।
সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে প্রবেশ করেন এবং প্রায় দেড় ঘণ্টার মতো সময় সেখানে অবস্থান করেন তারেক রহমান। রাত সাড়ে ৭টার দিকে হাসপাতাল থেকে বের হয়ে গুলশানে যাওয়ার জন্য গাড়িতে উঠেন তিনি। রাত ৮টা ২৪ মিনিটের দিকে বাসায় পৌছান তারেক রহমান।
খালেদা জিয়াকে দেখতে আগেই রাজধানীর গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। তারা দুপুর ১২টা ৫৫ মিনিটে গুলশানের বাসায় পৌঁছান। বিমানবন্দর থেকে সরাসরি বাসায় এসেছিলেন তারা।
এর আগে, দুপুর পৌনে চারটার দিকে লালসবুজ রঙে সাজানো একটি বাসে করে সমাবেশস্থলে পৌঁছান তারেক রহমান। বিমানবন্দর থেকে রওনা হওয়ার প্রায় চার ঘণ্টা পর তিনি সংবর্ধনাস্থলে পৌঁছান। সেখানে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত আছেন।
বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
সময়ের আলো/জেডআই