দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ‘স্বদেশ প্রত্যাবর্তন’ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর পূর্বাচলের ৩০০ ফিট সড়কের গণসংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে বিএনপি। এ অনুষ্ঠান ঘিরে আগত নেতাকর্মী ও দর্শনার্থীদের সৃষ্ট সব বর্জ্য শুক্রবার (২৬ ডিসেম্বর) অপসারণ করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক প্রফেসর ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল।
তিনি জানান, ৩০০ ফিটসহ এয়ারপোর্ট রোড ও সংলগ্ন এলাকায় শুক্রবার সকাল থেকে স্বেচ্ছাশ্রমে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করবে ঢাকা মহানগর উত্তর বিএনপি।
এর আগে, বৃহস্পতিবার দুপুরের পর রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনাস্থলে পৌঁছায় তারেক রহমানকে বহনকারী গাড়িবহর। লাল-সবুজ রঙে সাজানো একটি বাসে করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গণসংবর্ধনাস্থলে পৌঁছেন তারেক রহমান।
সেদিন বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তিনি মঞ্চে ওঠেন। তার সঙ্গে বিএনপির নেতারা রয়েছেন। মঞ্চে উঠে নেতাকর্মীদের উদ্দেশে হাত নাড়েন তারেক রহমান।
দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।
সময়ের আলো/এনএ