চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (২৭ ডিসেম্বর) বিকালে গুলশানের বাসা থাকে এভারকেয়ার হাসপাতালের দিকে রওনা দেন তিনি।
এর আগে আজ বেলা ১১টার দিকে তারেক রহমান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করেন। এরপর তিনি আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করতে যান। সেখান থেকে রাজধানীর বনানী করবস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও তার শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন।
দীর্ঘ ১৭ বছর পর গতকাল বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) লন্ডন থেকে দেশে ফিরেছেন তারেক রহমান। এদিন বেলা পৌনে ১২টার দিকে দেশের মাটি স্পর্শ করেন তিনি। এরপর দলের স্থায়ী কমিটির সদস্যসের সঙ্গে কুশল বিনিময় করেন। পথে পথে তিন ঘণ্টার বেশি সময় লাখো নেতাকর্মীর অভিবাদন সঙ্গে নিয়ে পৌঁছান ৩০০ ফিটের বিশাল জনসমুদ্রে। সেখানে নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। ৫টা ৫৫ মিনিটের দিকে তারেক রহমানের গাড়িবহর বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতালে প্রবেশ করে, যেখানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দীর্ঘদিন ধরে চিকিৎসাধীন। সেখানে আগে থেকেই বিজিবি, পুলিশ ও সিএসএফের সমন্বয়ে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছিল। তারেক রহমান হাসপাতালে পৌঁছানোর আগেই বিকাল ৫টা ১০ মিনিটে তার স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান গুলশানের বাসভবন থেকে হাসপাতালে পৌঁছান। সেখানে খালেদা জিয়ার মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. শাহাব উদ্দিন তালুকদার ও ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন চিকিৎসার বিস্তারিত জানান তারেক রহমানকে।
আরআর