জলপাইগুড়িতে খালেদা জিয়ার জন্ম, বেড়ে ওঠা দিনাজপুরে

সময়ের আলো ডেস্ক

রাজনীতি

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে। এই এলাকার নয়াবস্তি পাড়ায় ১৯৪৫ সালের ১৫

2025-12-31T09:40:00+00:00
2025-12-31T10:34:45+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
রাজনীতি
জলপাইগুড়িতে খালেদা জিয়ার জন্ম, বেড়ে ওঠা দিনাজপুরে
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ৯:৪০ এএম  আপডেট: ৩১.১২.২০২৫ ১০:৩৪ এএম
সংগৃহীত ছবি
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া জন্মেছিলেন ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি শহরে। এই এলাকার নয়াবস্তি পাড়ায় ১৯৪৫ সালের ১৫ আগস্ট জন্ম গ্রহণ করেন তিনি।

সেখানেই শৈশবের বেশ কয়েকটা বছর কেটেছিল তার। খালেদা জিয়ার বাবা ইস্কান্দর মজুমদার ছিলেন একজন ব্যবসায়ী। তার পিতৃভিটা ফেনী জেলার ফুলগাজী উপজেলার শ্রীপুর গ্রামের মজুমদার বাড়িতে। জীবিকার সন্ধানে তিনি ১৯১৯ সালে ফেনী থেকে জলপাইগুড়িতে আসেন। 

শুরুতে বোনের বাড়িতে থেকে পড়াশোনা শেষ করেন—মেট্রিক পাস করার পর যুক্ত হন চা ব্যবসায়। ১৯৩৭ সালে জলপাইগুড়িতেই তার বিয়ে হয়। সংসার জীবন শুরু করে নয়াবস্তি এলাকায়, যেখানে ১৯৪৭ সাল পর্যন্ত পরিবারটি বসবাস করে।

দেশভাগের পর পাল্টে যায় অনেক কিছু। রাজনৈতিক সীমারেখার টানে জলপাইগুড়ি তখন ভারতের অংশে চলে যায়। সেই সময়েই ইস্কান্দর মজুমদার পরিবারসহ জলপাইগুড়ি ছেড়ে দিনাজপুর শহরের মুদিপাড়ায় চলে আসেন। 

তখন খালেদা জিয়ার বয়স মাত্র দুই বছর। তার জীবনের স্মৃতিতে জলপাইগুড়ি তাই রয়ে গেছে জন্মের শহর হিসেবে আর দিনাজপুর হয়ে উঠে বেড়ে ওঠার ঠিকানা।


জলপাইগুড়ির নয়াবস্তির সেই পুরনো বাড়ির একাংশে এখন গোপ পরিবার এবং অন্য অংশে চক্রবর্তী পরিবার বসবাস করছে। স্থানীয়রা জানান, খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী থাকাকালীন এই এলাকার অনেকের সঙ্গেই যোগাযোগ রেখেছিলেন।

দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়

দিনাজপুর তখনো ছিল শান্ত, সবুজে ঘেরা এক শহর। ধানক্ষেত, পুকুর, প্রশস্ত রাস্তা আর শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে গড়ে ওঠা এই শহরে শুরু হয় খালেদা জিয়ার শৈশব ও শিক্ষাজীবনের পথচলা। পাঁচ বছর বয়সে তিনি ভর্তি হন দিনাজপুরের মিশন স্কুলে। পরবর্তীতে পড়াশোনা করেন দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে—যা সে সময় উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ নারীশিক্ষা প্রতিষ্ঠান ছিল।

দিনাজপুরে বেড়ে ওঠার সময়ে তিনি দেখেছেন একটি বদলে যাওয়া সমাজ—দেশভাগের ক্ষত, উদ্বাস্তু জীবনের বাস্তবতা, আবার ধীরে ধীরে গড়ে ওঠা নতুন জীবন। এই পরিবেশই হয়তো তার শৈশবকে দিয়েছে দৃঢ়তা ও সংযমের শিক্ষা। জলপাইগুড়ির ব্যস্ত বাণিজ্যিক শহর আর দিনাজপুরের অপেক্ষাকৃত শান্ত জনপদ—এই দুই ভিন্ন অভিজ্ঞতা মিলেই গড়ে উঠেছে তার জীবনের প্রথম অধ্যায়।

তরুণী বেগম খালেদ জিয়া

খালেদা জিয়ার শৈশব তাই কোনো একক শহরের গল্প নয়। এটি দুই জনপদের গল্প—একটি জন্মের, অন্যটি বেড়ে ওঠার। জলপাইগুড়ি ও দিনাজপুর—এই দুই শহর নীরবে বহন করে তার জীবনের শুরুর মানচিত্র, যা পরবর্তী সময়ে তাকে নিয়ে যাবে ইতিহাসের আরও বড় মঞ্চে।

সময়ের আলো/এআর


  বিষয়:   জলপাইগুড়ি  খালেদা জিয়া  দিনাজপুর 


Loading...
Loading...
রাজনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: