বিদায়ী বছরে দেশের ক্রিকেটের সাফল্য-ব্যর্থতার আলোচিত ১০

আতিকুর রহমান

খেলা

দেখতে দেখতে কেটে গেল আরেকটি বছর। বিদায়ী বছরের হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত সবাই। বছর শেষে ক্রিকেট প্রেমীরাও জানার অপেক্ষায় ২০২৫ সাল

2026-01-01T23:10:27+00:00
2026-01-01T23:49:28+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
খেলা
বিদায়ী বছরে দেশের ক্রিকেটের সাফল্য-ব্যর্থতার আলোচিত ১০
আতিকুর রহমান
প্রকাশ: বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১১:১০ পিএম  আপডেট: ০১.০১.২০২৬ ১১:৪৯ পিএম
গ্রাফিক : সময়ের আলো
দেখতে দেখতে কেটে গেল আরেকটি বছর। বিদায়ী বছরের হিসাব-নিকাশ মেলাতে ব্যস্ত সবাই। বছর শেষে ক্রিকেট প্রেমীরাও জানার অপেক্ষায় ২০২৫ সাল জুড়ে বাংলাদেশ ক্রিকেট দলের সাফল্য ও ব্যর্থতার গল্প।

কখনো উচ্ছ্বাস, কখনো হতাশা, আবার কখনো নতুন সম্ভাবনার আলো ছড়িয়ে মাঠে নেমেছে লাল-সবুজের প্রতিনিধিরা। ঘরের মাঠে আত্মবিশ্বাসী লড়াই, বিদেশের মাটিতে কঠিন পরীক্ষা, অভিজ্ঞদের দায়িত্ব আর তরুণদের আগমন—সব মিলিয়ে ২০২৫ ছিল বাংলাদেশ ক্রিকেটের এক রোলার-কোস্টার অধ্যায়। কারণ বাংলাদেশের ক্রিকেটে অর্জনের চেয়ে ব্যর্থতা আর বিতর্কের পাল্লাই যে ভারী। 

পুরো বছরের পারফরম্যান্সের দিকে তাকালে যদিও স্বস্তিতে থাকার উপায় নেই। সঙ্গে ভবিষ্যৎ নিয়ে শঙ্কা তো আছেই— সবমিলিয়ে বাংলাদেশের ক্রিকেটে কেমন ছিল ২০২৫? ধারাবাহিক বর্ষপরিক্রমায় ফিরে দেখা যাক সেই পারফরম্যান্স।

বিদায়ী বছরে পাকিস্তানের বিপক্ষে যেমন সিরিজ জিতেছে লিটন দাসরা, আবার সিরিজ হেরেছে সংযুক্ত আরব আমিরাতের কাছেও। বছরের শেষ দিকে এসে এই নারী ক্রিকেটে দেখা গেছে বিতর্ক। দলের বাইরে চলে যাওয়া পেসার জাহানারা আলম যৌন হয়রানির অভিযোগ তুলে আলোচনার জন্ম দিয়েছেন। শুধু নারী ক্রিকেট কেন, বছরের শেষ প্রান্তে এসে বিতর্কের মধ্যে পড়েছে ঘরোয়া ক্রিকেটও। 

বিসিবি নির্বাচন নিয়ে পর্যন্ত জল ঘোলা হয়েছে। নির্বাচনে সরকারি হস্তক্ষেপের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। নির্বাচনের বছরে বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম। আগের সভাপতি ফারুক আহমেদকে বিতর্কিতভাবে সরানোর পর দায়িত্ব নেন আমিনুল। সেই ফারুকই আবার অক্টোবরের নির্বাচনে পরিচালক হয়ে ফিরেছেন বিসিবিতে, হয়েছেন সহসভাপতিও।

গত মৌসুমের বিপিএলের ফিক্সিংয়ে অভিযুক্ত থাকায় এবারের বিপিএল থেকে সন্দেহভাজন বেশ কয়েকজন খেলোয়াড়–কর্মকর্তাকে বাদ দেওয়া হয়েছে। এদিকে চলতি বিপিএলও গোছানোভাবে হচ্ছে না। শেষ মুহূর্তে একটি ফ্র্যাঞ্চাইজির মালিক টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোয় বিসিবি নিয়েছে সেই দলের ভার। 

জেনে নেওয়া যাক বছর জুড়ে বাংলাদেশের ক্রিকেটের বিভিন্ন ঘটনাপ্রবাহ

তামিম ইকবালের হার্ট অ্যাটাক  

চলতি বছরের ২৪ মার্চ সকালে হঠাৎ এক খবরে থমকে গিয়েছিল পুরো বাংলাদেশ। বিকেএসপিতে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে হৃদ্‌রোগে আক্রান্ত হন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। মোহামেডানের হয়ে খেলা তামিমকে তৎক্ষণাৎ পাশের কেপিজে স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা শেষে পুরোপুরি সুস্থ হন তামিম। 

এরপর গেল বছরের শেষের দিকে ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকির ও অক্টোবরে জাতীয় লিগের দল বরিশালের ফিজিও হাসান আহমেদের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে দেশের ক্রিকেটে।  

ফিক্সিং, বিপিএল বিতর্ক

গত মৌসুমের বিপিএলের ফিক্সিং নিয়ে সন্দেহভাজন বেশ কয়েকজন ক্রিকেটারকে এবারের বিপিএলের নিলামে রাখেনি বিসিবি। গতবারের মতো এবারও স্বল্প সময়ের নোটিশে বিপিএল আয়োজন করতে গিয়ে হযবরল অবস্থায় পড়েছে বিসিবি। বিপিএল শুরুর আগের দিন চট্টগ্রাম রয়্যালসের মালিকপক্ষ জানিয়ে দেয় তাদের পক্ষে ফ্র্যাঞ্চাইজি চালানো সম্ভব নয়। পরে বিসিবি দায়িত্ব নেয় দলটির।


‘বিতর্কিত’ নির্বাচন  

৬ অক্টোবরের বিসিবি নির্বাচন নিয়ে বিতর্ক কম হয়নি। তৃতীয় বিভাগ বাছাইপর্ব পেরিয়ে আসা ১৫ ক্লাবের কাউন্সিলরশিপ বাতিল, নির্বাচন স্থগিত করতে হাইকোর্টে রিট, ১০-১২টি ক্লাবের নির্বাচন বর্জন, তামিম ইকবালসহ ১৬ প্রার্থীর সরে দাঁড়ানো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত পরিচালক—কী নিয়ে বিতর্ক ছিল না নির্বাচনে! শেষ পর্যন্ত নির্বাচন হলেও এখনো সেটির জের রয়ে গেছে। ঢাকা প্রথম বিভাগ ক্রিকেট বর্জন করছে আটটি ক্লাব। ২০ দলের লিগ তাই এখন ১২ দলের হয়ে গেছে। অন্য লিগগুলো নিয়েও অনিশ্চয়তা আছে।

ফারুক ‘আউট’, আমিনুল ‘ইন’

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বিসিবি সভাপতি পদে বসেছিলেন ফারুক আহমেদ। বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক টিকতে পারেননি এক বছরও। এ বছরের মে মাসে বিতর্কিতভাবে সরিয়ে দেওয়া হয় তাকে। সভাপতির দায়িত্ব দেওয়া হয় আরেক সাবেক অধিনায়ক আমিনুল ইসলামকে। পরে নির্বাচিত সভাপতিও হন বাংলাদেশের প্রথম টেস্ট সেঞ্চুরিয়ান। ফারুককে সরিয়ে দেওয়া নিয়ে জল কম ঘোলা হয়নি। 

২৮ মে অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তাকে জানিয়ে দেন সরকার আর তাকে সভাপতি পদে রাখতে চাইছে না। তবে স্বেচ্ছায় পদত্যাগ করতে রাজি হননি ফারুক। এরপর বিসিবির আট পরিচালক নানা অভিযোগ তুলে ফারুকের প্রতি অনাস্থা জানান। ২৯ মে জাতীয় ক্রীড়া পরিষদ পরিচালক পদে ফারুকের মনোনয়ন বাতিল করে। তাতে সভাপতি থাকার যোগ্যতা হারান ফারুক। পরের দিন আমিনুলকে পরিচালক হিসেবে মনোনীত করে ক্রীড়া পরিষদ। এরপর ভোটেই সভাপতি নির্বাচিত হন আমিনুল, পরিচালক নির্বাচিত হয়ে ফারুক এখন সহসভাপতি।

যৌন হয়রানির অভিযোগে তোলপাড় নারী ক্রিকেটে

নভেম্বরের শুরুতে ‘বোমা’ ফাটান জাহানারা আলম। এক সাক্ষাৎকারে তার ক্যারিয়ার ধ্বংস করে দেওয়ার পেছনে জাতীয় দলের সাবেক ও বর্তমান কয়েকজন কোচিং স্টাফ ও খেলোয়াড়ের ভূমিকা ছিল বলে দাবি করেন। নারী দলের সাবেক নির্বাচক ও ম্যানেজার মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগও করেন এই পেসার। অভিযোগ ওঠার পর তদন্ত কমিটি গঠন করেছে বিসিবি। তদন্ত এখনো চলমান। মঞ্জুরুল অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন।

টি-টোয়েন্টিতে সফলতা

২০২৫ সালে আটটি টি-টোয়েন্টি সিরিজ খেলেছে বাংলাদেশ। যেখানে পাঁচটি সিরিজেই জিতেছে টাইগাররা। দুটি জয় আবার পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে। অর্থাৎ সবমিলিয়ে মোট ৩১টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে, জিতেছে ১৫টি, হেরেছে ১৪টি, এবং একটি ম্যাচ হয়েছে পরিত্যক্ত। এক বছরে ১৫ জয়, এটিই এখন বাংলাদেশের টি–টোয়েন্টির নতুন রেকর্ড। তবে সংযুক্ত আরব আমিরাতের কাছে সিরিজ হারার স্বাদও পেতে হয়েছে। এশিয়া কাপ টি-টোয়েন্টিতে সুপার ফোরে উঠেছিল বাংলাদেশ। 


ওয়ানডেতে ব্যর্থতা

ওয়ানডে ক্রিকেটে বছর একেবারেই ভালো কাটেনি টাইগারদের। চলতি বছর টাইগাররা হেরেছে চারটি ওয়ানডে সিরিজে। নিজেদের ‘প্রিয়’ এই সংস্করণে সর্বশেষ কবে এমন খারাপ সময় গেছে বাংলাদেশের? সেই পরিসংখ্যান ঘেঁটে জানা যায় ২০১৬ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের অক্টোবর পর্যন্তও টানা চারটি ওয়ানডে সিরিজে জয়হীন ছিল বাংলাদেশ। 

পরিসংখ্যানের বিচারে বাংলাদেশ ওয়ানডেতে নিজেদের সেরা সময় কাটিয়েছে ২০২১ ও ২০২২ সালে। ২০২১ সালের মে থেকে ২০২২ সালের জুলাই পর্যন্ত বাংলাদেশ টানা ৫টি ওয়ানডে সিরিজে জিতেছিল। ২০২২ সালের মার্চে দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জেতে বাংলাদেশ। সেবার টানা পাঁচ সিরিজ জয়ের ধারাবাহিকতা ভাঙে বাংলাদেশের জিম্বাবুয়ের কাছে সিরিজ হারে। বাংলাদেশ সর্বশেষ ৮টি ওয়ানডে সিরিজের মধ্যে জিতেছে একটিতে। সেটি ২০২৪ সালের মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে। এই ৮ সিরিজের মধ্যে বাংলাদেশ আফগানিস্তানের বিপক্ষেই হেরেছে তিনটি সিরিজে।

টেস্টেও ম্লান টাইগাররা

২০২৫ সালে বাংলাদেশ টেস্ট সিরিজ খেলেছে মোটে তিনটি। বছরের শুরুতে জিম্বাবুয়ে, মাঝে শ্রীলঙ্কা আর শেষের দিকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অংশ নেয় টাইগাররা। যে তিন সিরিজে বাংলাদেশের জয় মাত্র একটিতে। জিম্বাবুয়ের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্র, শ্রীলঙ্কার বিপক্ষে ১-০ তে হার, আর আয়ারল্যান্ডের বিপক্ষে জয় ২-০তে। 
 
ব্যক্তিগত রেকর্ডে কে কী করেছেন

টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট-শিকারি এখন তাইজুল ইসলাম। নভেম্বরে মিরপুরে আয়ারল্যান্ডের দ্বিতীয় ইনিংসে অ্যান্ডি বলবার্নিকে আউট করে সাকিব আল হাসানকে (২৪৬) ছাড়িয়ে যান তাইজুল। ওই ইনিংসে ৪ উইকেট নিয়ে ২৫০ উইকেটের মাইলফলকও ছুঁয়ে ফেলেন এই বাঁহাতি স্পিনার। আন্তর্জাতিক টি-টোয়েন্টির রেকর্ডও হাতছাড়া হয়েছে সাকিবের। এশিয়া কাপে সাকিবকে (১৪৯) ছাড়িয়ে এই সংস্করণে বাংলাদেশের সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান (১৫৮)। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি রানের রেকর্ডও খুইয়েছেন সাকিব। তার ২৫৫১ রান টপকে গেছেন এই সংস্করণে বাংলাদেশের অধিনায়ক লিটন দাস (২৬৫৫)। ২০২৫ সালে বাংলাদেশের ব্যাটসম্যানদের সেঞ্চুরি। এর ৯টিই টেস্টে। টেস্টে যা এক পঞ্জিকাবর্ষে বাংলাদেশের যৌথ সর্বোচ্চ। ২০১৪ সালেও টেস্টে ৯টি সেঞ্চুরি করেছিলেন বাংলাদেশের ব্যাটসম্যানরা।

মুশফিকের শততম টেস্টের মাইলফলক ও সেঞ্চুরি

বাংলাদেশের প্রথম খেলোয়াড় হিসেবে নভেম্বরের ১৯ তারিখ শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করে উপলক্ষটাকে স্মরণীয় করে রেখেছেন মুশফিকুর রহিম। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে ১০৬ রান করা মুশফিক দ্বিতীয় ইনিংসে অপরাজিত ছিলেন ৫৩ রানে। ১১ জন ব্যাটসম্যান শততম টেস্টে সেঞ্চুরি পেলেও দুই ইনিংসেই ৫০ ছাড়ানোর কীর্তিতে দ্বিতীয় মুশফিক। রিকি পন্টিং দুই ইনিংসেই সেঞ্চুরি পেয়েছিলেন।

সব মিলিয়ে বিদায়ী বছরে অর্জনের চেয়ে বিতর্কই বেশি ছিল বাংলাদেশের ক্রিকেটে। এতে ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে, কবে শান্তি ফিরবে ক্রিকেটে আর কবেই বা ক্রিকেটপ্রেমীদের বড় কোনো অর্জন উপহার দেবে টাইগাররা।

সময়ের আলো/এআর


  বিষয়:   ক্রিকেট  সাফল্য  ব্যর্থতা  আলোচিত 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: