বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক শেষ হয়েছে গতকাল। রাষ্ট্রীয় শোক শেষ হলেও চলছে দলীয় শোক। সাত দিনের শোকের কর্মসূচির চতুর্থ দিন শনিবার (৩ জানুয়ারি) ভোর থেকেই ঘন কুয়াশা আর শীত উপেক্ষা করে শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে খালেদা জিয়ার সমাধিস্থলে আসছেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। কবরে শ্রদ্ধা জানিয়ে তার জন্য দোয়া-মোনাজাত করছেন তারা।
এদিন স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশেই শায়িত হওয়া বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করতে রাজধানী ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসছেন অনেকে।
তারা বলছেন, বিএনপির প্রায়াত চেয়ারপারসন দেশের মানুষের কথা চিন্তা করেছেন, গণতন্ত্রের কথা বলেছেন। জীবনের প্রতিটা মুহূর্ত বেগম জিয়া কষ্ট করে গেছেন- তাই আল্লাহর কাছে চাওয়া তাকে যেন জান্নাত দান করেন। এ ছাড়া, তিনি শুধু দেশের নেতা নন তিনি বিশ্ব নেতা। নতুন প্রজন্ম তার চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে সেই প্রত্যাশাই করেন বিএনপির নেতাকর্মীরা।
এর আগে, গত ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন বেগম খালেদা জিয়া। শারীরিক অবস্থা ছিল অত্যন্ত জটিল ও সংকটাপন্ন। চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ভোর ৬টার দিকে তিনি ইন্তেকাল করেন।
পরদিন বুধবার বিকেল ৩টার পরপরই রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা সম্পন্ন হয়। বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানে স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে সমাধিস্থ করা হয়।
সময়ের আলো/এনএ