বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, অসীম ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে সব সংকটে বেগম খালেদা জিয়া দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগিয়ে যাবে।
শনিবার (৩ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত শোকসভা ও দোয়া মাহফিলে তিনি এ কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘দলের প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া এক সময় আবেগের বশে গোপালগঞ্জের নাম পরিবর্তনের কথা বলেছিলেন। পরে তিনি নিজেই তা সংশোধন করেছেন। এ প্রসঙ্গে রিজভী এক অনুষ্ঠানে বলেন, একবার আন্দোলনের সময় পুলিশ তার বাসা ঘেরাও করলে রাগের মাথায় গোপালগঞ্জের নাম পরিবর্তনের কথা বলেন খালেদা জিয়া। পরে তিনি নিজেই বলেন, এটি ঠিক হয়নি।’
তিনি বলেন, ‘অসীম ধৈর্য ও দৃঢ় মনোবল নিয়ে সব সংকটে বেগম খালেদা জিয়া দেশের মানুষের পাশে দাঁড়িয়েছেন। তার দেখানো পথ অনুসরণ করলেই দেশ এগিয়ে যেতে পারে।’
তিনি আরও বলেন, ‘সংবাদপত্র ও সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। এ জগতের সঙ্গে যার সম্পর্ক সবচেয়ে গভীর ও আদর্শিক তিনি হলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই দেশে বহুদলীয় গণতন্ত্র, মতপ্রকাশের স্বাধীনতা ও সংবাদপত্রের স্বাধীনতার ভিত্তি স্থাপন হয়, যা আরও সুদৃঢ় করেছেন বেগম খালেদা জিয়া।’
রিজভী বলেন, ‘খালেদা জিয়ার ইন্তেকালের পর মানুষের শোক, আবেগ ও ভালোবাসার এ বহিঃপ্রকাশ প্রমাণ করে সমাজের গভীরে তিনি কতটা প্রভাব রেখেছেন। তার জানাজার দিন মানুষের ঢল স্বতঃস্ফূর্তভাবে রাস্তায় নেমেছিল, যা কোনোভাবেই সংগঠিত ছিল না।’
সময়ের আলো/কেএইচও