আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট ও গণভোটের জন্য দেশ-বিদেশ থেকে পোস্টাল ব্যালট অ্যাপে নিবন্ধনের সময় শেষ হয়েছে।
সোমবার (৫ জানুয়ারি) দিবাগত রাত ১২টায় সময়সীমা শেষ হয়।
নির্বাচন কমিশন বলছে, ভোটের জন্য মোট নিবন্ধন করেছেন ১৫ লাখ ৩৩ হাজার ৬৮২ জন। দেশের ভেতরে থেকেই নিবন্ধন করেছেন ৭ লাখ ৬১ হাজার ১৪০ জন। এর মধ্যে সরকারি চাকরিজীবী ৫ লাখ ৭৫ হাজার ২০০ জন। নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত ১ লাখ ৬৯ হাজার ৬৪২ জন। আনসার ভিডিপি ১০ হাজার ১০ জন। কারাগার থেকে ভোটদিতে নিবন্ধন করেছেন ৬ হাজার ২৮৩ জন।
প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে নিবন্ধন করেছেন ২ লাখ ৩৯ হাজার ১৮৬ জন। ১২৩টি দেশে থাকা প্রবাসীরা পোস্টাল ব্যলটে ভোট দিতে নিবন্ধন করেছেন।
‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে প্রবাসে ১৯ নভেম্বর নিবন্ধন শুরু হয়। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি ভোটারের পাশাপাশি দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তি নিবন্ধন করতে পারছেন। নির্বাচনি দায়িত্বে নিয়োজিত ব্যক্তি, নিজ এলাকার বাইরে কর্মরত সরকারি চাকরিজীবী ও আইনি হেফাজতে (কারাগারে) থাকা ভোটাররা পোস্টাল ব্যালটে ভোট দিতে পারবেন।
ইসির নির্দেশ অনুযায়ী, আগামী ২১ জানুয়ারি প্রতীক বরাদ্দ হওয়ার পর যার যার আসনের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন নিবন্ধিত ভোটাররা এবং পরদিন থেকেই ফিরতি ডাক পাঠানো যাবে। ১২ ফেব্রুয়ারির আগে উপযুক্ত সময়ের মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে ব্যালট পৌঁছাতে হবে। এর পর হলে গণনায় নেওয়া হবে না।
ইসির তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। মোট ভোটারের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ১৪ হাজার ৯০৭ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৭৯ হাজার ৪২ জন এবং তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার ১ হাজার ২৩৪ জন।
আরআর