কক্সবাজারের কুতুবদিয়ায় ছাত্রলীগ নেতা এরশাদুল হাবিব রুবেল হত্যা মামলায় চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি) বিকালে চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন এই রায় ঘোষণা করেন। দীর্ঘ ১৯ বছর আগে এই হত্যা মামলা দায়ের হয়েছিল।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত হলেন, জাহেদুল ইসলাম ফরহাদ (২৭), আবদুল্লাহ আল মামুন সোহেল (৩০), আবু এরশাদ জুয়েল (৩২) ও রুস্তম আলী (২৭)। রায়ের সময় জাহেদুল ইসলাম আদালতে উপস্থিত ছিলেন। বাকি তিন আসামি পলাতক রয়েছে।
আদালত সূত্র জানায়, নিহত এরশাদুল হাবিব রুবেল চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজ ছাত্রলীগ নেতা ও ছাত্র সংসদের নির্বাচিত সদস্য ছিলেন। পাশাপাশি তিনি কুতুবদিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করছিলেন।
চট্টগ্রাম জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) আশরাফ হোসেন চৌধুরী বলেন, ১৯ বছর আগে দায়ের করা হত্যা মামলাটির দীর্ঘ শুনানি হয়েছে। শুনানি শেষে সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে আদালত চার আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন। পলাতক তিনজনের বিরুদ্ধে সাজা পরোয়ানা মূলে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে।
মামলার বিবরণে জানা যায়, ২০০৬ সালের ১৫ অক্টোবর সন্ধ্যায় কুতুবদিয়ার বড়ঘোপ এলাকায় নিজ মালিকানাধীন কিন্ডারগার্টেন স্কুলে ইফতার মাহফিল শেষে রিকশাযোগে বাড়ি ফেরার পথে এরশাদুল হাবিবের পথরোধ করে দুর্বৃত্তরা। এসময় কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয় তাকে। পরে বুক ও মাথায় গুলি করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনার পর নিহতের মা বাদী হয়ে কুতুবদিয়া থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে পুলিশ আটজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল কর।
অভিযোগপত্রে বলা হয়, সম্পত্তির বিরোধে প্রতিবেশীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। মামলায় আটজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করা হয়।
এফআর