ওপেনএআই স্বাস্থ্য সম্পর্কিত তথ্যের চাহিদা সময়ের সঙ্গে সঙ্গে বাড়তে থাকায় এবার চালু করেছে নতুন সেবা ‘চ্যাটজিপিটি হেলথ’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বের ৬০টি দেশের ২৬০ জনের বেশি চিকিৎসকের সহযোগিতায় তৈরি এই ফিচারে ব্যবহারকারীরা নিরাপদভাবে চিকিৎসা নথি ও ওয়েলনেস অ্যাপ সংযুক্ত করতে পারবেন।
ওপেনএআই জানায়, চ্যাটজিপিটিতে স্বাস্থ্যসংক্রান্ত প্রশ্নের ব্যাপক চাহিদা থাকায় নতুন এই ফিচারটি আনা হয়েছে। বিশ্বজুড়ে প্রতি সপ্তাহে ২৩ কোটিরও বেশি মানুষ চ্যাটজিপিটিতে স্বাস্থ্য ও সুস্থতা সম্পর্কিত প্রশ্ন করেন বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তবে তারা একই সঙ্গে জানিয়েছে, নতুন এই ফিচারটি চিকিৎসার বিকল্প হিসেবে তৈরি করা হয়নি। এটি শুধু চিকিৎসাসেবাকে সহায়তা করার জন্য ডিজাইন করা হয়েছে।
প্রতিষ্ঠানটি এ বিষয়ে এক বার্তায় বলেছে, চিকিৎসকদের ঘনিষ্ঠ সহযোগিতায় ডিজাইন করা চ্যাটজিপিটি হেলথ মানুষকে তাদের স্বাস্থ্য ও সুস্বাস্থ্য বুঝতে এবং পরিচালনায় আরও সক্রিয় ভূমিকা নিতে সাহায্য করে। তবে এটি চিকিৎসকদের দেওয়া সেবার বিকল্প নয়। বরং চিকিৎসাসেবাকে সহায়তা করাই এর মূল উদ্দেশ্য। এটি রোগ নির্ণয় বা চিকিৎসার জন্য নয়। বরং দৈনন্দিন বিভিন্ন প্রশ্নের উত্তর খুঁজে নিতে সহায়তা করে এবং সময়ের সঙ্গে সঙ্গে স্বাস্থ্যসংক্রান্ত ধারা বুঝতে সাহায্য করে। এটি শুধু অসুস্থতার মুহূর্ত নয়, সামগ্রিক স্বাস্থ্যচিত্র বোঝার সুযোগ দেয়। এর ফলে গুরুত্বপূর্ণ চিকিৎসা পরামর্শের সময় ব্যবহারকারীরা আরও সচেতন ও প্রস্তুত থাকতে পারেন।
অ্যাপল হেলথ, ফাংশন ও মাইফিটনেসপালের মতো প্ল্যাটফর্মগুলো চ্যাটজিপিটি হেলথে সংযুক্ত রয়েছে। চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েনমেন্ট করতেও এটি কাজে লাগবে। এ ছাড়া খাদ্যাভ্যাস ও ব্যায়াম রুটিন তৈরির দিকনির্দেশনাও পাওয়া যাবে। স্বাস্থ্যসংক্রান্ত ধারা অনুযায়ী বিভিন্ন বীমা বিকল্পের সুবিধা ও সীমাবদ্ধতা বুঝতেও এটি সহায়তা করবে।
ওপেনএআই আরও জানিয়েছে, সংবেদনশীল স্বাস্থ্যতথ্য সুরক্ষায় তারা চ্যাটজিপিটির মৌলিক নিরাপত্তা ব্যবস্থার চেয়ে আরও অতিরিক্ত সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করছে এই ফিচারে। ব্যবহারকারীরা ৩০ দিনের মধ্যে ওপেনএআইয়ের সিস্টেম থেকে তাদের চ্যাট মুছে ফেলতে পারবেন। এ ছাড়া ব্যবহারকারীর চ্যাট থেকে ব্যক্তিগত তথ্য সংরক্ষণ না করার জন্যই সিস্টেমটি প্রশিক্ষণ দেওয়া হয়েছে। চ্যাটজিপিটিতে সংরক্ষিত কথোপকথন ও ফাইল ডিফল্টভাবে এনক্রিপ্টেড অবস্থায় থাকে। এ ছাড়া মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ) চালু করে ব্যবহারকারীরা প্রবেশাধিকার আরও সুরক্ষিত করতে পারবেন।
জানা গেছে, প্রাথমিকভাবে সীমিতসংখ্যক ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটি হেলথ চালু করা হচ্ছে। ইউরোপীয় অর্থনৈতিক অঞ্চল, সুইজারল্যান্ড ও যুক্তরাজ্যের বাইরে থাকা চ্যাটজিপিটি ফ্রি, গো, প্লাস ও প্রো প্ল্যানের ব্যবহারকারীরা এই সেবার জন্য যোগ্য হবেন। চিকিৎসা নথি সংযুক্তকরণ ও কিছু অ্যাপের সুবিধা বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রে পাওয়া যাচ্ছে। এ ছাড়া অ্যাপল হেলথের সঙ্গে সংযোগের জন্য আইওএস ডিভাইস প্রয়োজন হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে আরও বেশি ব্যবহারকারীর জন্য এই সেবার পরিধি বাড়ানো হবে। ওয়েব এবং আইওএসে সব ব্যবহারকারীর জন্য চ্যাটজিপিটি হেলথ উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।