প্রকাশ: বুধবার, ২১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ পিএম আপডেট: ২১.০১.২০২৬ ৯:৫১ পিএম
সংগৃহীত ছবি২৪ ঘণ্টার ব্যবধানে সোনার দাম এক লাফে ৮ হাজার ৩৩৯ টাকা বেড়েছে। সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা হয়েছে।
স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
বুধবার (২১ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে দাম বাড়ানোর সিদ্ধান্ত হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে গতকাল ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হয়েছিল ৫ হাজার ২৪৯ টাকা। তার আগে ২০ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা, ১৫ জানুয়ারি ২ হাজার ৬২৫ টাকা, ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। অর্থাৎ ছয় দফায় ভালো মানের এক ভরি সোনার দাম বাড়ানো হলো ২৫ হাজার ৬৬১ টাকা। এতে অতীতের সব রেকর্ড ভেঙে সোনার সর্বোচ্চ দামের নতুন রেকর্ড সৃষ্টি হলো।
এতোদিন ভালো মানের এক ভরি সোনার সর্বোচ্চ দাম ছিলো ২ লাখ ৪৪ হাজার ১২৮ টাকা। ২৪ ঘণ্টার ব্যবধানে সেই রেকর্ড ভেঙে এখন নতুন রেকর্ড তৈরি হলো। এখন সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ৮ হাজার ৩৩৯ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫২ হাজার ৪৬৭ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনায় ৭ হাজার ৯৯০ টাকা বাড়িয়ে ২ লাখ ৪০ হাজার ৯৭৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনায় ৬ হাজার ৮২৩ টাকা বাড়িয়ে নতুন দাম ২ লাখ ৬ হাজার ৫৬৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনায় ৫ হাজার ৮৩২ টাকা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৯ হাজার ৬৫৩ টাকা।
সময়ের আলো/এআর