রাজধানীর নয়াপল্টন এলাকায় এক শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে নির্যাতনের ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েছে শারমিন একাডেমি। ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্কুলটিতে তালা ঝুলিয়ে গা ঢাকা দিয়েছে কর্তৃপক্ষ।
পুলিশি তদন্ত শুরুর পর থেকেই প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ রয়েছে। স্কুল ভবনের কেয়ারটেকার কামরুল হক গণমাধ্যমকে জানান, বুধবার পর্যন্ত প্রতিষ্ঠানটি খোলা ছিল। তবে আজ সকাল থেকে কাউকে আসতে দেখেননি তিনি। কেন হঠাৎ করে স্কুল বন্ধ রাখা হয়েছে, সে বিষয়ে কোনো নির্দিষ্ট তথ্যও দিতে পারেননি তিনি।
এর আগে শারমিন একাডেমির ভেতরে এক শিশুকে মারধরের একটি ভিডিও বুধবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।
আরও পড়ুন
ভিডিও ও সিসিটিভি ফুটেজে দেখা যায়, স্কুলের একটি অফিস কক্ষের ভেতরে এক ব্যক্তি শিশুটিকে নির্মমভাবে মারধর করছেন। ওই সময় পাশে এক নারী শিশুটির হাত ধরে বসে ছিলেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে ব্যাপক ক্ষোভ ও সমালোচনার সৃষ্টি হয়।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, ভিডিও পর্যালোচনা করে নিশ্চিত হওয়া গেছে ঘটনাটি নয়াপল্টনের শারমিন একাডেমিতেই ঘটেছে। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে কাজ শুরু করেছে পুলিশ।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল খান জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি ভাইরাল হওয়ার পর বিষয়টি পুলিশের নজরে আসে। যাচাই করে নিশ্চিত হওয়া গেছে এটি শারমিন একাডেমির ঘটনা। নির্যাতনের সঙ্গে জড়িতদের থানায় আসার জন্য নোটিশ দেওয়া হয়েছে, তবে তারা সময়ক্ষেপণ করছে।
তিনি আরও জানান, এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে প্রতিষ্ঠানটির পরিচালক শারমিন আক্তারসহ সংশ্লিষ্ট কয়েকজন শিক্ষককে শনাক্ত করা হয়েছে। তদন্ত শেষে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এএডি/