আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষকে জয়ী করতে সারা দেশে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এবার দীর্ঘ ২১ বছর পর গাজীপুরের মাটিতে পা রাখলেন তিনি।
গতকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত ১১টা ৩৫ মিনিটে গাজীপুরের ভাওয়াল রাজবাড়ি মাঠের সমাবেশস্থলে পৌঁছান বিএনপি চেয়ারম্যান। এর ৫ মিনিট পর তিনি মঞ্চে উঠেন। এ সময় কর্মী সমর্থকরা করতালি ও স্লোগানে তাকে স্বাগত জানান।
মঞ্চে উঠেই হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান তিনি। তার আগমন উপলক্ষে গাজীপুরে নেতাকর্মীদের ঢল নামে ।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ভাওয়াল রাজবাড়ি মাঠ ও শহরের আশপাশের এলাকায় দুপুরের পর থেকেই নেতাকর্মীরা দলীয় প্রতীক ও নানান রঙের ফেস্টুন নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে।
জেলার বিভিন্ন উপজেলা ও আশপাশের জেলা থেকে বিএনপি এবং অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হতে থাকে। নেতাকর্মীদের স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে ওঠে সভাস্থল।
গাজীপুর শহরে প্রবেশের সময় রাস্তার দুইপাশে দাঁড়িয়ে নেতাকর্মী এবং সাধারণ মানুষ তাকে স্বাগত জানান। এ সময় বিএনপির চেয়ারম্যানও হাত নেড়ে তাদেরকে শুভেচ্ছা জানান।
সময়ের আলো/এনএ