সপ্তাহের তৃতীয় কার্যদিবসে সূচকের বড় উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ও অন্য বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার (২৭ জানুয়ারি) ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৫৯ পয়েন্ট বেড়ে ৫ হাজার ১৪০ পয়েন্টে অবস্থান করছে। অন্য দুই সূচকের মধ্যে শরিয়াহ সূচক ১২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২৬ পয়েন্ট বেড়ে যথাক্রমে ১০৩৪ ও ১৯৭৬ পয়েন্টে অবস্থান করছে।
এদিন ডিএসইতে ৬৯৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবসের চেয়ে ২০১ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন ডিএসইতে ৪৯২ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
মঙ্গলবার ডিএসইতে ৩৯১টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের লেনদেন হয়েছে। এগুলোর মধ্যে দাম বেড়েছে ২৪৯টি কোম্পানির, কমেছে ৮৩টি এবং অপরিবর্তিত রয়েছে ৫৯টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিটের দর। এদিন লেনদেনের শীর্ষে থাকা ১০ প্রতিষ্ঠান হলো- ওরিয়ন ইনফিউশন, স্কয়ার ফার্মা, সিভিও পেট্রোকেমিক্যাল, সিটি ব্যাংক, ফাইন ফুডস, এডিএন টেলিকম, ডোমিনেজ স্টিল, সোনালি পেপার, এশিয়াটিক ল্যাবরেটরিজ ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।
অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৩৯১ পয়েন্টে। এদিন সিএসইতে হাতবদল হওয়া ১৭৮টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৩টির, কমেছে ৪৭টি এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানির শেয়ারদর।
এ ছাড়া, সিএসইতে ১৩ কোটি ২ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ৮ কোটি টাকার লেনদেন বেড়েছে। আগের দিন সিএসইতে লেনদেন হয়েছিল ৪ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছিল।
সময়ের আলো/এনএ