
প্রবাসী কল্যাণ ব্যাংক। ছবি : সংগৃহীত
প্রবাসী কল্যাণ ব্যাংক। ছবি : সংগৃহীত প্রবাসে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে দেশে ব্যবসা বা শিল্পপ্রতিষ্ঠান গড়ে তুলতে বিদেশফেরত কর্মীদের ঋণ দিচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক। বৈধ যেকোনো ব্যবসায়িক উদ্যোগের জন্য এ ঋণ নেওয়া যাবে। প্রকল্পের ধরন ও প্রয়োজন অনুযায়ী মেয়াদি, চলতি বা তলবি ঋণ দিচ্ছে ব্যাংকটি। চলতি বছরের ১ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচির আওতায় ১ হাজার ৩৬৬ জনকে মোট ৩৯ কোটি ২৬ লাখ টাকা ঋণ দেওয়া হয়েছে।
এ কর্মসূচিতে একজন বিদেশফেরত কর্মী সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত ঋণ পেতে পারেন। তবে, ৩ লাখ টাকা পর্যন্ত ঋণের ক্ষেত্রে কোনো জামানত দিতে হয় না। নির্ধারিত কিস্তিতে ঋণের টাকা পরিশোধ করতে হয়। বিদেশফেরত কর্মীদের পুনর্বাসন এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করে স্বাবলম্বী করাই এ ঋণ কর্মসূচির উদ্দেশ্য।
ঋণের বার্ষিক সুদের হার ৯ শতাংশ (সরল সুদ)। পরিশোধের সর্বোচ্চ মেয়াদ ১০ বছর। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সব প্রক্রিয়া ঠিক থাকলে ১৫ দিনের মধ্যে ঋণ পাওয়া যায় বলে ব্যাংক সূত্রে জানা গেছে।
প্রবাসী কল্যাণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান বলেন, ‘নিয়মিত কিস্তি পরিশোধে গ্রাহকদের উৎসাহিত করতে নতুন সুবিধা চালু করা হয়েছে। এ সুবিধার আওতায় নিয়মিত ঋণের কিস্তি পরিশোধকারীরা সুদের ওপর ১ শতাংশ ভর্তুকি পাবেন। ফলে, তাদের কার্যকর সুদের হার দাঁড়াবে ৮ শতাংশ।’
ঋণ অনুমোদনের প্রক্রিয়ায় প্রসেসিং ও ডকুমেন্টেশন ফি বাবদ ঋণের ০ দশমিক ৫০ শতাংশ দিতে হয়। তবে, এ দুই খাতে সর্বোচ্চ ১৫ হাজার টাকা নেওয়া যাবে। এর সঙ্গে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে। সার্ভিস চার্জের নামে অতিরিক্ত কোনো অর্থ নেওয়ার সুযোগ নেই।
ঋণের পরিমাণ অনুযায়ী জামানতের শর্ত নির্ধারণ করা হয়েছে। ৩ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে সহজামানত প্রয়োজন। আর ৫ লাখ টাকার বেশি ঋণ নিতে হলে ঋণগ্রহীতা অথবা জামিনদারের মালিকানাধীন স্থাবর সম্পত্তি ব্যাংকের অনুকূলে রেজিস্ট্রি বন্ধক রাখতে হবে।
কোথায় ও কীভাবে আবেদন করবেন
যে এলাকায় ব্যবসাপ্রতিষ্ঠান বা প্রকল্প স্থাপন করতে চান, সেই এলাকার প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় আবেদন করতে হবে। আবেদনের সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে।
আবেদনকারীর যেসব কাগজপত্র লাগবে-
- তিন কপি ছবি।
- পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।
- বর্তমান ও স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে পৌরসভা বা ইউনিয়ন পরিষদের সনদ।
- বিদেশ থেকে দেশে ফেরার প্রমাণসংক্রান্ত কাগজপত্র।
- হালনাগাদ ট্রেড লাইসেন্স।
- প্রকল্পের বিস্তারিত বিবরণ ও ঠিকানা।
- আগের দুই বছরের আয়-ব্যয়ের বিবরণী।
- প্রকল্পে উদ্যোক্তার নিজস্ব বিনিয়োগের ঘোষণাপত্র।
- প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতার সনদ (যদি থাকে)।
প্রকল্পের জায়গা ভাড়া বা লিজ নেওয়া হলে চুক্তিপত্র ও লেটার অব ডিসক্লেইমার জমা দিতে হবে। আর নিজস্ব জমিতে প্রকল্প স্থাপন করলে জমির মালিকানার প্রমাণপত্র দিতে হবে।
জামিনদারের যেসব কাগজপত্র লাগবে
জামিনদারের দুই কপি ছবি, পাসপোর্ট অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে। ঋণ পরিশোধে সক্ষম মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, নিকটাত্মীয় কিংবা অন্য কোনো সচ্ছল ব্যক্তি জামিনদার হতে পারবেন। এ ক্ষেত্রে জামিনদারকে সরকারি চাকরিজীবী হতে হবে, এমন কোনো বাধ্যবাধকতা নেই। তবে, ঋণসংক্রান্ত তথ্য যাচাইয়ের জন্য তার ক্রেডিট ইনফরমেশন ব্যুরোর (সিআইবি) প্রতিবেদন সন্তোষজনক হতে হবে।
ব্যাংক হিসাব ও অন্যান্য শর্ত
আবেদনকারীর ব্যবসাপ্রতিষ্ঠানের নামে একটি সচল ব্যাংক হিসাব থাকতে হবে। ওই হিসাবের ৩টি স্বাক্ষরিত এমআইসিআর চেকের পাতা জমা দিতে হবে।
একইভাবে জামিনদারের নিজের নামে অথবা তাঁ একক মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানের নামে সচল ব্যাংক হিসাব থাকতে হবে। ওই হিসাবের তিনটি স্বাক্ষরিত চেকের পাতা ও ব্যাংক হিসাবের বিবরণী জমা দিতে হবে।
এ ছাড়া আবেদনকারীর নিজের নামে বা প্রকল্পের নামে অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান কিংবা এনজিও থেকে ঋণ নেওয়া থাকলে তা ঘোষণার মাধ্যমে জানাতে হবে।
ঋণ পেতে প্রকল্পের সম্ভাব্যতা, প্রয়োজনীয় কাগজপত্র, উপযুক্ত জামিনদার এবং ব্যাংকের নির্ধারিত অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
সময়ের আলো/মহু