প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:২৪ এএম আপডেট: ২৬.১১.২০২৬ ৪:২৭ এএম

বিক্রির চাপে পুঁজিবাজারে দরপতন । ছবি : সংগৃহীত
বিক্রির চাপে পুঁজিবাজারে দরপতন । ছবি : সংগৃহীত দেশের শেয়ারবাজারে আবারও বিক্রির চাপ বেড়েছে। অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ারদর কমায় এক দিনেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স থেকে হারিয়ে গেছে প্রায় ৫৫ পয়েন্ট। একই সঙ্গে আগের দিনের তুলনায় লেনদেন কমেছে প্রায় ১৫ শতাংশ। বাজারে দরপতনের দিনে বিদেশি বিনিয়োগকারীরাও বড় অঙ্কের শেয়ার বিক্রি করেছেন।
বুধবার দিন শেষে ডিএসইএক্স ৫৪ দশমিক ৭০ পয়েন্ট বা ০.৯৮ শতাংশ কমে ৫ হাজার ৫৩৩ দশমিক ৩২ পয়েন্টে অবস্থান করে। আগের কার্যদিবসে সূচকটি ছিল ৫ হাজার ৫৮৮ দশমিক ০২ পয়েন্টে। দিনের শুরুতে সূচকটি ৫ হাজার ৬১৬ পয়েন্ট পর্যন্ত উঠলেও শেষ পর্যন্ত সেই অবস্থান ধরে রাখতে পারেনি। বরং দিন শেষে প্রায় সর্বনিম্ন অবস্থানের কাছাকাছি লেনদেন শেষ হয়। বাজার বিশ্লেষকদের মতে, গুরুত্বপূর্ণ প্রতিরোধক অবস্থানে বাধা, অধিকাংশ শেয়ারের দরপতন এবং বিদেশি বিনিয়োগকারীদের বিক্রির প্রবণতা বাজারে নেতিবাচক প্রভাব ফেলেছে।
এদিন ডিএসইতে মোট ৯১৭ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসের তুলনায় যা ১৪ দশমিক ৭ শতাংশ কম। তবে গত ২০ কার্যদিবসের গড় লেনদেনের তুলনায় তা বেশি।
বাজারের চিত্র ছিল বেশ হতাশাজনক। ডিএসইতে ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ারদর কমেছে। বিপরীতে বেড়েছে মাত্র ৫৩টির এবং অপরিবর্তিত ছিল ৪৬টির। বড় মূলধনি কোম্পানি নিয়ে গঠিত ডিএস-৩০ সূচকও ১৭ দশমিক ২৭ পয়েন্ট কমেছে।
খাতভিত্তিক লেনদেনে ওষুধ ও প্রকৌশল খাতে দরপতনের চাপ ছিল বেশি। এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ারদর কমেছে ৭ শতাংশ, রানার অটোর ৬ দশমিক ৯ শতাংশ এবং নাহি অ্যালুমিনিয়ামের ৪ দশমিক ৭ শতাংশ। এ ছাড়া এফইকেডিআইএল, সাইহাম টেক্সটাইল ও প্রাইম ব্যাংকের শেয়ারদরও কমেছে।
অন্যদিকে বিদেশি বিনিয়োগকারীরা এদিন নিট ৩৩ কোটি ২০ লাখ টাকার শেয়ার বিক্রি করেছেন। সাম্প্রতিক কয়েকটি লেনদেন দিবসের মধ্যে এটি অন্যতম বড় নিট বিক্রির ঘটনা। বাজার বিশ্লেষকদের মতে, ডিএসইএক্সের জন্য ৫ হাজার ৫০০ পয়েন্ট গুরুত্বপূর্ণ সমর্থন। এই অবস্থান ধরে রাখতে না পারলে সূচক ৫ হাজার ৪৪০ থেকে ৫ হাজার ৪৬০ পয়েন্টের মধ্যে নেমে যেতে পারে। তবে ৫ হাজার ৬৪০ পয়েন্টের ওপরে অবস্থান নিতে পারলে বাজারে ইতিবাচক প্রবণতা ফেরার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএএসপিআই সূচক ১০৫ দশমিক ৭৯ পয়েন্ট কমেছে। দিনটিতে প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১২০টির দর কমেছে, বেড়েছে ৬৩টির। লেনদেন হয়েছে ২৪ কোটি ১৫ লাখ টাকা।
সময়ের আলো/প্রিন্ট/এসকে