তৃতীয় টার্মিনালে ১৩.৫ শতাংশ রাজস্ব পাবে বাংলাদেশ

বিজনেস

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়ামের কাছ থেকে অন্তর্বর্তীকালীন ছয় মাসে ১৩

2026-11-25T20:05:38+00:00
2026-11-25T20:05:38+00:00
 
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
বিজনেস
তৃতীয় টার্মিনালে ১৩.৫ শতাংশ রাজস্ব পাবে বাংলাদেশ
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৮:০৫ পিএম 
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পেতে যাওয়া জাপানি কনসোর্টিয়ামের কাছ থেকে অন্তর্বর্তীকালীন ছয় মাসে ১৩ দশমিক ৫ শতাংশ রাজস্ব পাবে বাংলাদেশ। এ ছাড়া টার্মিনালটির আন্তর্জাতিক ফ্লাইটের গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমের সর্বোচ্চ ৫০ শতাংশের দায়িত্ব থাকবে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের হাতে।

সোমবার (২৩ নভেম্বর) অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির (সিসিইএ) বৈঠকে এ-সংক্রান্ত প্রস্তাবের নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।

অনুমোদিত কনসেশন চুক্তির শর্ত অনুযায়ী, টার্মিনালটি হস্তান্তরের পর প্রথম আট মাসকে ‘অপারেশন পিরিয়ড কমেন্সমেন্ট’ বা কার্যক্রম শুরুর পর্যায় হিসেবে বিবেচনা করা হবে। এ সময়ে বাংলাদেশ কোনো রাজস্ব পাবে না। পরবর্তী ছয় মাস হবে ‘ক্যাপাসিটি মাইলস্টোন ডেট’ পর্যায়। এ সময়ে জাপান সাব-ওয়ার্কিং গ্রুপ নামের কনসোর্টিয়ামটি টার্মিনালের মোট রাজস্বের ১৩ দশমিক ৫ শতাংশ সরকারকে দেবে। হস্তান্তরের ১৪ মাস পর পূর্ণোদ্যমে কার্যক্রম শুরু হলে জাপানি কনসোর্টিয়ামটি ১৫ বছর টার্মিনাল পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।

রাজস্ব ভাগাভাগি ও যাত্রী মাশুল

পূর্ণাঙ্গ কার্যক্রম শুরুর পর জাপানি কনসোর্টিয়াম বাংলাদেশকে যাত্রীপ্রতি ২ দশমিক ১০ মার্কিন ডলার দেবে, যা যাত্রী রাজস্বের ২০ শতাংশের সমান। এ ছাড়া কার্গো বা পণ্য পরিবহন থেকে পাওয়া রাজস্বের ২৭ শতাংশ অথবা প্রতি টনে ১১ দশমিক ৫০ ডলার সরকারকে দেওয়ার শর্ত রয়েছে।

কনসেশন স্বত্বের বিনিময়ে অপারেটর প্রতিষ্ঠানটি এককালীন ফি হিসেবে ৮১ লাখ ডলার বা প্রায় ১০০ কোটি টাকা দেবে।

তবে নতুন টার্মিনাল ব্যবহারকারী বহির্গামী যাত্রীদের গুনতে হবে বাড়তি মাশুল। চুক্তিতে যাত্রীপ্রতি এমবার্কেশন বা বহির্গমন ফি নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫০ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫৬০ টাকা। বর্তমানে ১ ও ২ নম্বর টার্মিনালে এ বাবদ নেওয়া হয় ৫০০ টাকা। ফলে নতুন টার্মিনালে যাত্রীদের মাশুল হবে বর্তমানের তিন গুণেরও বেশি।

গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের অর্ধেক বিমানের হাতে

চুক্তির শর্ত অনুযায়ী, তৃতীয় টার্মিনাল থেকে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইটগুলোর গ্রাউন্ড হ্যান্ডলিং সেবার সর্বোচ্চ ৫০ শতাংশ পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। প্রাথমিক পরিচালনা পর্যায়ে বাকি সেবার দায়িত্ব পালনের জন্য নিয়োগ দেওয়া হবে আরেকটি গ্রাউন্ড হ্যান্ডলার প্রতিষ্ঠান।

বিজয় দিবসে আংশিক চালুর পরিকল্পনা

সোমবারের বৈঠক শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত সাংবাদিকদের জানান, আগামী ৩০ নভেম্বরের মধ্যে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি স্বাক্ষরের আশা করছে সরকার। এর মধ্য দিয়ে ১৬ ডিসেম্বর বিজয় দিবসে টার্মিনালটির আংশিক কার্যক্রম শুরুর পথ তৈরি হবে।

শুরুতে টার্মিনালটি দিয়ে চারটি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট দিয়ে উদ্বোধনী যাত্রা শুরু হবে।

টার্মিনালটি পর্যায়ক্রমে চালুর পরিকল্পনার বিষয়ে মন্ত্রী বলেন, ‘প্রাথমিকভাবে টার্মিনালটি ২৫ শতাংশ সক্ষমতায় চালুর পরিকল্পনা ছিল, কিন্তু জাপানি কনসোর্টিয়াম তাৎক্ষণিকভাবে সেই পর্যায়ে পৌঁছাতে পারবে না।’

ডিসেম্বরে আংশিক কার্যক্রম শুরুর পরবর্তী ১৪ মাসের মধ্যে টার্মিনালটি পূর্ণাঙ্গভাবে চালু হবে বলে আশা করা হচ্ছে।


অপারেটর নিয়োগের দীর্ঘ প্রক্রিয়া

জাপানি কনসোর্টিয়ামে রয়েছে জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি লিমিটেড, সুমিতোমো করপোরেশন, নিপ্পন কোয়েই এবং নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট করপোরেশন।

২২ হাজার ২১৩ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন তৃতীয় টার্মিনাল প্রকল্পটি ২০১৬ সালে শুরু হয়। ২০২৭ সালে প্রকল্পটির কাজ পুরোপুরি শেষ হওয়ার কথা রয়েছে।

২০১৮ সালে সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) আওতায় জাপানি অপারেটর নিয়োগের সিদ্ধান্ত নেয় তৎকালীন সরকার। ২০২৩ সালের জানুয়ারিতে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিও এ প্রস্তাব অনুমোদন করে। তবে পরবর্তী সময়ে রাজনৈতিক পটপরিবর্তন ও অস্থিরতার কারণে প্রক্রিয়াটি থমকে যায়।

গত ৩ ফেব্রুয়ারি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার জাপানি কনসোর্টিয়ামের অনুকূলে রিকোয়েস্ট ফর প্রপোজাল (আরএফপি) জারির প্রক্রিয়া বাতিল করে। একই সময়ে জাপান সরকারের সঙ্গে জিটুজি-পিপিপি পদ্ধতিতে প্রকল্প বাস্তবায়নের কার্যক্রম বাতিলের প্রস্তাবও অনুমোদন করা হয়।

১৭ ফেব্রুয়ারির নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আবারও আলোচনা শুরু হয়। তৃতীয় টার্মিনাল পরিচালনার দায়িত্ব পেতে আরও কয়েকটি দেশ প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত জাপানি কনসোর্টিয়ামের সঙ্গেই চুক্তি করতে যাচ্ছে সরকার।

বিনিয়োগ সুরক্ষিত রাখতে চুক্তিতে ‘স্ট্যাবিলাইজেশন ক্লজ’ বা স্থিতিশীলতা ধারা যুক্ত করা হয়েছে। এর ফলে ভবিষ্যতে দেশের অভ্যন্তরীণ আইনে পরিবর্তন এলেও চুক্তির শর্ত পরিবর্তন করা যাবে না। এ ধারার সমর্থনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে একটি আনুষ্ঠানিক ‘কমফোর্ট লেটার’ বা নিশ্চয়তাপত্রও দেওয়া হচ্ছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   তৃতীয় টার্মিনাল  রাজস্ব  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: