
১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) । ছবি : সংগৃহীত
১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) । ছবি : সংগৃহীতপ্রায় ২৪ হাজার ১১১ কোটি টাকা ব্যয়ে ১০টি উন্নয়ন প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে পাঁচটি নতুন, চারটি সংশোধিত এবং একটি প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব রয়েছে। স্বাস্থ্য, গ্রামীণ অবকাঠামো, বিদ্যুৎ বিতরণ, দুর্যোগ ব্যবস্থাপনা ও পানি সম্পদ খাতের এসব প্রকল্প বাস্তবায়নে বড় অঙ্কের সরকারি অর্থ ব্যয়ের পাশাপাশি প্রকল্প ঋণও নেওয়া হবে।
বুধবার বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রকল্পগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন থেকে ১২ হাজার ৭৭৫ কোটি ৯৯ লাখ টাকা, প্রকল্প ঋণ থেকে ৮ হাজার ৯৪৪ কোটি ২১ লাখ টাকা এবং সংস্থার নিজস্ব অর্থায়ন থেকে ২ হাজার ৩৯০ কোটি ৪৭ লাখ টাকা ব্যয় করা হবে।
অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দুটি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের একটি, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের একটি, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রকল্প রয়েছে।
স্বাস্থ্য খাতে দুটি বড় প্রকল্প সংশোধন : স্বাস্থ্য খাতের দুটি প্রকল্পের দ্বিতীয় সংশোধনের প্রস্তাব অনুমোদন দিয়েছে একনেক। এর একটি হলো আটটি বিভাগীয় শহরে পূর্ণাঙ্গ ক্যানসার, হৃদরোগ ও কিডনি চিকিৎসাকেন্দ্র স্থাপন প্রকল্প। অন্যটি যশোর, কক্সবাজার, পাবনা ও নোয়াখালীতে ৫০০ শয্যাবিশিষ্ট মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্প। মেডিকেল কলেজ হাসপাতাল নির্মাণ প্রকল্পের আওতায় জাতীয় গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালের ১১ ও ১২ তলা ঊর্ধŸমুখী সম্প্রসারণের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নে তিন প্রকল্প : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের তিনটি প্রকল্প অনুমোদন পেয়েছে। এর মধ্যে দুটি নতুন প্রকল্প। এগুলো হলো— পাবনার গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প এবং চট্টগ্রাম ও কক্সবাজারের গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প। অন্যদিকে নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুরের গুরুত্বপূর্ণ পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধনের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
গ্রামীণ অবকাঠামো উন্নয়নের এসব প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকায়নে নতুন উদ্যোগ : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের দুটি নতুন প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের আওতায় ঢাকার পার্শ্ববর্তী ১৩টি পল্লী বিদ্যুৎ সমিতির বৈদ্যুতিক বিতরণ ব্যবস্থার ক্ষমতা বাড়ানোর প্রকল্প রয়েছে।
অন্য প্রকল্পটি চট্টগ্রাম ও সিলেট বিভাগের পল্লী বিদ্যুতের বিতরণ ব্যবস্থার আধুনিকায়ন এবং ক্ষমতা বৃদ্ধি নিয়ে। বিদ্যুৎ বিতরণ অবকাঠামোর সক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার উন্নয়ন এ উদ্যোগের মূল লক্ষ্য।
পেকুয়ার উপকূলীয় পোল্ডার পুনর্বাসন : পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে কক্সবাজারের পেকুয়া উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ ব্যবস্থার উন্নয়নে একটি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। উপকূলীয় পোল্ডার ৬৪/২এ ও ৬৪/২বি পুনর্বাসন প্রকল্পের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার পানি ব্যবস্থাপনা অবকাঠামো উন্নয়নের উদ্যোগ নেওয়া হবে। এ ছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে চরফ্যাশন উপজেলায় বাংলাদেশ দারিদ্র্য বিমোচন সংস্থা স্বাস্থ্যসেবা কেন্দ্র স্থাপন প্রকল্পের মেয়াদ চতুর্থবারের মতো বাড়ানো হয়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের গ্রামীণ মাটির রাস্তাগুলো টেকসই করার লক্ষ্যে হেরিং বোন বন্ডকরণ (এইচবিবি) প্রকল্পের চতুর্থ সংশোধনের প্রস্তাবও অনুমোদন পেয়েছে।
৫০ কোটি টাকার কম ব্যয়ের আরও সাত প্রকল্প : একনেক সভায় ৫০ কোটি টাকার কম ব্যয়সংবলিত আরও সাতটি প্রকল্প সম্পর্কে অবহিত করা হয়েছে। এসব প্রকল্প এরই মধ্যে পরিকল্পনামন্ত্রী অনুমোদন করেছেন।
প্রকল্পগুলোর মধ্যে রয়েছে চট্টগ্রাম মহানগরীর বন্যা নিয়ন্ত্রণ, জলমগ্নতা ও জলাবদ্ধতা নিরসন এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের দ্বিতীয় সংশোধন। এ ছাড়া রয়েছে বন্যা পুনর্গঠন জরুরি সহায়তা প্রকল্প এবং কেন্দ্রীয় প্যাকিং হাউসে স্থাপিত উদ্ভিদ সঙ্গনিরোধ পরীক্ষাগারকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ প্রকল্প।
এ তালিকায় আরও রয়েছে ময়মনসিংহ বিভাগে মৎস্য সম্পদের টেকসই উন্নয়ন ও সম্প্রসারণ, বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের মৎস্য সম্পদের জরিপ পদ্ধতির উন্নয়ন, ভেনম রিসার্চ সেন্টার বাংলাদেশের সক্ষমতা বৃদ্ধি এবং পিরোজপুরের ভান্ডারিয়ায় টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট স্থাপন প্রকল্প।
সভায় অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, পানি সম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানিসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধŸতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/প্রিন্ট/এসকে