
এশীয় উন্নয়ন ব্যাংক। ছবি : সংগৃহীত
এশীয় উন্নয়ন ব্যাংক। ছবি : সংগৃহীত দেশের আটটি শহরে নিরাপদ পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা উন্নয়নে ১৫ কোটি মার্কিন ডলারের সহজ শর্তের ঋণ অনুমোদন করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। জলবায়ু সহনশীল অবকাঠামো গড়ে তোলার পাশাপাশি এসব শহরের পানি ও পয়োনিষ্কাশন সেবার মান বাড়াতে এ অর্থ ব্যয় করা হবে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) এডিবির ঢাকা কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ক্লাস্টার টাউনস ওয়াটার সাপ্লাই অ্যান্ড স্যানিটেশন প্রজেক্ট’-এর আওতায় প্রায় ৯ লাখ মানুষ উন্নত পানি সরবরাহ ও স্যানিটেশন সুবিধা পাবেন। প্রকল্পের আওতায় রয়েছে কুমিল্লা সিটি করপোরেশন এবং চাঁদপুর, গোপালপুর, হাজীগঞ্জ, ঈশ্বরদী, লাকসাম, নাটোর ও পাবনা পৌরসভা।
এডিবি-সমর্থিত ইন্টিগ্রেটেড গ্রোথ নেটওয়ার্ক ডেভেলপমেন্ট উদ্যোগের অংশ হিসেবে প্রকল্পটি বাস্তবায়িত হবে। এর মাধ্যমে উন্নত জনসেবা নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবিলার সক্ষমতা বাড়ানো এবং টেকসই আঞ্চলিক উন্নয়নে সরকারের অগ্রাধিকারগুলো বাস্তবায়নে সহায়তা করা হবে।
বাংলাদেশে নিযুক্ত এডিবির কান্ট্রি ডিরেক্টর চিংফেং ঝাং বলেন, ‘জনস্বাস্থ্য, মানবিক মর্যাদা এবং উৎপাদনশীল ও সহনশীল জনগোষ্ঠী গড়ে তুলতে নির্ভরযোগ্য পানি ও স্যানিটেশন সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ প্রকল্পে জলবায়ু সহনশীল অবকাঠামোর পাশাপাশি প্রাতিষ্ঠানিক সক্ষমতা, ডিজিটাল ব্যবস্থা ও টেকসই সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এতে আঞ্চলিক শহরগুলোতে উন্নত নাগরিক সেবা সম্প্রসারণের পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক উন্নয়নের পরিবেশ তৈরি হবে।’
প্রকল্পের আওতায় প্রায় ১ হাজার ৭৯০ কিলোমিটার পানি বিতরণ নেটওয়ার্ক নির্মাণ করা হবে। পাশাপাশি স্মার্ট মিটারসহ ৬৫ হাজার গৃহস্থালি পানির সংযোগ স্থাপন ও সংস্কার করা হবে। নতুন সংযোগের অন্তত ১০ শতাংশ দেওয়া হবে নিম্নআয়ের মানুষ ও অনানুষ্ঠানিক বসতিতে বসবাসকারীদের।
পানির অপচয় কমাতে সাতটি পানি শোধনাগার সংস্কার এবং ৭৮টি ডিস্ট্রিক্ট মিটারড এরিয়া প্রতিষ্ঠা করা হবে। এর ফলে ২০২৬ সালে ৫০ শতাংশের বেশি থাকা পানির অপচয় ২০৩২ সালের মধ্যে ২০ শতাংশের নিচে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া পানি উৎপাদন, বিতরণ, গুণগত মান, গ্রাহকসেবা ও অবকাঠামো ব্যবস্থাপনায় ডিজিটাল পর্যবেক্ষণ ব্যবস্থা চালু করা হবে। নিম্নআয়ের মানুষের জন্য নির্মাণ করা হবে ১ হাজার ২০০টি গৃহস্থালি ল্যাট্রিন। নারী, কিশোরী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের উপযোগী চারটি পাবলিক স্যানিটেশন সুবিধাও গড়ে তোলা হবে। স্থানীয় নারী বাসিন্দারা এসব সুবিধা পরিচালনা করবেন।
২০২৩ সালের ডিসেম্বরে নয়, ২০৩২ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মাধ্যমে স্থানীয় সেবা প্রদানকারী সংস্থাগুলোর কারিগরি, পরিচালন ও আর্থিক সক্ষমতা বাড়ানো হবে। পাশাপাশি কুমিল্লা পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) প্রতিষ্ঠায় সহায়তা দেওয়া হবে।
প্রকল্পের অংশ হিসেবে গৃহস্থালি পানির সংযোগ গ্রহণ, ভূগর্ভস্থ পানির দায়িত্বশীল ব্যবহার, মিটারিং ও ট্যারিফ ব্যবস্থা গ্রহণে স্থানীয় জনগণকে উৎসাহিত করা হবে। নিরাপদ পানিতে সবার ন্যায্য প্রবেশাধিকার নিশ্চিত করতেও তাদের সম্পৃক্ত করা হবে।
এদিকে নীতিগত ও প্রাতিষ্ঠানিক সংস্কার, ইউটিলিটির সুশাসন এবং টেকসই পরিচালনা ও রক্ষণাবেক্ষণে সহায়তার জন্য এডিবি আরও ১০ লাখ ডলারের কারিগরি সহায়তা দেবে। প্রকল্পে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল থেকে ব্যয় হবে ৪ কোটি ৬০ লাখ ডলার।
উল্লেখ্য, এডিবি এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও সহনশীল প্রবৃদ্ধিতে সহায়তা দেওয়া একটি বহুপাক্ষিক উন্নয়ন ব্যাংক। ১৯৬৬ সালে প্রতিষ্ঠিত সংস্থাটির সদস্য দেশ ৬৯টি। এর মধ্যে ৫০টি দেশ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের।
সময়ের আলো/মহু