অবশেষে আজ খুলছে দীর্ঘপ্রতীক্ষিত স্বপ্নযাত্রার সেই দুয়ার

বিজনেস

বৈশ্বিক নানা সংকটের মাঝেও অবশেষে দীর্ঘপ্রতীক্ষিত স্বপ্নযাত্রার দুয়ার উন্মোচিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জোরালো কূটনৈতিক উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন আশার

2026-11-26T10:03:27+00:00
2026-11-26T10:03:34+00:00
 
  বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
বিজনেস
মালয়েশিয়ার শ্রমবাজার
অবশেষে আজ খুলছে দীর্ঘপ্রতীক্ষিত স্বপ্নযাত্রার সেই দুয়ার
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:০৩ এএম  আপডেট: ২৬.১১.২০২৬ ১০:০৩ এএম
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি
বৈশ্বিক নানা সংকটের মাঝেও অবশেষে দীর্ঘপ্রতীক্ষিত স্বপ্নযাত্রার দুয়ার উন্মোচিত হচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের জোরালো কূটনৈতিক উদ্যোগে মালয়েশিয়ার শ্রমবাজারে নতুন আশার সঞ্চার হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনায় সম্পূর্ণ বিনা খরচে একটি বিশেষ ফ্লাইটে ১১২ জন দক্ষ কর্মী মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন কোম্পানিতে যোগ দেবেন। বিমানভাড়াসহ তাদের যাতায়াতের যাবতীয় খরচ নিয়োগদাতা প্রতিষ্ঠানই বহন করছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিনা খরচে মালয়েশিয়াগামী এই কর্মীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদের বিদায় জানাবেন। এ সময় প্রবাসী কল্যাণ মন্ত্রী, বিমানমন্ত্রীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন। সরকারি ঘোষণা অনুসারে, প্রথম ধাপে সর্বমোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে।

রাষ্ট্রীয় জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হক জানান, সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে এবারই প্রথম লটারি পদ্ধতিতে যোগ্য ও দক্ষ কর্মী নির্বাচনের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে বোয়েসেলের নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করার বার্তা দেওয়া হচ্ছে।

বোয়েসেল সূত্রে জানা গেছে, সরকারের ঘোষণা অনুযায়ী প্রথম ধাপে পর্যায়ক্রমে মোট ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে। 

গত ১৮ নভেম্বর জাতীয় সংসদে এ ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রী বলেছিলেন, সামান্য কিছু খরচ ছাড়া প্রায় বিনা খরচে ১০ হাজার মানুষকে মালয়েশিয়ায় পাঠাতে সরকার সক্ষম হবে। এই ১০ হাজারের ভেতর বিগত স্বৈরাচারের সময় গুম-খুনের শিকার এবং ২০২৪ সালের আন্দোলনে শহীদ বা হতাহত হওয়া পরিবারের প্রায় ১ হাজার মানুষকে পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এই ১০ হাজারের বাইরে অন্য কর্মীদের মালয়েশিয়ায় যাওয়ার খরচ যেন সর্বোচ্চ ২ লাখ টাকার মধ্যে সীমাবদ্ধ থাকে, তা মোটামুটি নিশ্চিত করা হয়েছে।

এর আগে লটারির মাধ্যমে এসব কর্মী নির্বাচন করা হয়। শূন্য অভিবাসন ব্যয়ে কাজের সুযোগ পেতে গত ৬ থেকে ৮ নভেম্বর বিকেল ৪টা পর্যন্ত অনলাইনে মোট ৪ হাজার ২৯টি আবেদন জমা পড়ে। সেখান থেকে অনলাইন অটোমেশন বা লটারির মাধ্যমে প্রাথমিকভাবে ৩০০ জন প্রার্থীকে বাছাই করা হয়েছিল। তবে দুই দিনের সাক্ষাৎকারে নির্বাচিত ওই ৩০০ জনের মধ্যে বেশ কয়েকজন অনুপস্থিত ছিলেন। ফলে আগে নির্বাচিত ৩০০ জনকে বাদ দিয়ে বাকি আবেদনকারীদের তালিকা থেকে লটারির মাধ্যমে নতুন আরও ৫০ জন কর্মীকে সাক্ষাৎকারের সুযোগ দেওয়া হয়। তাদের মধ্য থেকে ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার ভিত্তিতে চূড়ান্তভাবে ১১২ জন কর্মী নিয়োগ দেয় মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন।

উল্লেখ্য, ২০২২ সাল থেকে ২০২৪ সালের ৩১ মে পর্যন্ত মালয়েশিয়া প্রায় ৪ লাখ ৫০ হাজার বাংলাদেশি কর্মী নিয়েছিল। কিন্তু ১০১টি এজেন্সির একটি সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ, অতিরিক্ত অভিবাসন ব্যয়, দুর্নীতি এবং শ্রমিক শোষণের অভিযোগে ২০২৪ সালের জুন থেকে দেশটিতে কর্মী নিয়োগ বন্ধ হয়ে যায়। এর আগেও ২০০৮-২০১২, ২০১৬-২০১৮ এবং ২০১৯-২০২২ মেয়াদে একই ধরনের সিন্ডিকেট ও অনিয়মের অভিযোগে এই শ্রমবাজার বারবার বন্ধ হয়েছিল

সময়ের আলো/আতা
  বিষয়:   মালয়েশিয়া  শ্রমবাজার  সময়ের আলো  প্রধানমন্ত্রী  বাংলাদেশ  বোয়েসেল  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
বিজনেস- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: