প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ৪:০৯ পিএম আপডেট: ২৬.১১.২০২৬ ৪:৩৪ পিএম

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত তরুণ উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়াই সর্বোচ্চ ২০ লাখ টাকা ঋণ ও অনুদান দিচ্ছে সরকার। এ লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের ‘উদ্যোগ’ কর্মসূচির আওতায় দেশের আট জেলার ৬৪টি উপজেলা থেকে চূড়ান্তভাবে ৬৪০ জন উদ্যোক্তাকে নির্বাচন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা প্রকাশ করা হয়।
নির্বাচিত আট জেলা হলো ভোলা, ফেনী, মানিকগঞ্জ, ঝিনাইদহ, নওগাঁ, হবিগঞ্জ, নেত্রকোনা ও রংপুর। প্রতিটি জেলার আটটি উপজেলা থেকে ১০ জন করে উদ্যোক্তা নির্বাচন করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাকি ৫৬ জেলার প্রতিটি উপজেলার জন্য এখনো আবেদন গ্রহণ চলছে। আগ্রহী তরুণ উদ্যোক্তারা সংশ্লিষ্ট উপজেলার যেকোনো তফসিলি ব্যাংকের শাখায় আবেদন করতে পারবেন।
গত ১ নভেম্বর প্রকাশিত কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তি অনুযায়ী, এ কর্মসূচিতে একজন উদ্যোক্তাকে সর্বোচ্চ ২০ লাখ টাকা দেওয়া হবে। এর মধ্যে ১০ লাখ টাকা ঋণ এবং বাকি ১০ লাখ টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। ঋণ ও অনুদানের অর্থ এককালীন একসঙ্গে বিতরণ করা হবে।
অনুদানের অর্থের জোগান দেওয়া হবে বাণিজ্যিক ব্যাংকগুলোর করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) তহবিল থেকে।
বাংলাদেশ ব্যাংকের এ কর্মসূচির পূর্ণ নাম ‘উপজেলাভিত্তিক তরুণ উদ্যোক্তা অনুসন্ধান, চিহ্নিতকরণ ও অর্থায়ন কর্মসূচি’। উপজেলা পর্যায়ে সম্ভাবনাময় তরুণ উদ্যোক্তাদের খুঁজে বের করা, প্রকৃত উদ্যোক্তা নির্বাচন এবং অর্থায়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
নির্বাচিত উদ্যোক্তাদের তালিকা দেখতে এখানে
ক্লিক করুন।
সময়ের আলো/এসএকে