গাজীপুরে ছাত্রদল কর্তৃক নারী হত্যা ও বিএনপির নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে ঢাকা মহানগর ছাত্রশিবির।
রোববার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শাহবাগে শেষ হয়।
এ সময় শিবির নেতাকর্মীদের ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’, ‘চাঁদাবাজি নিপাত যাক, দেশের মানুষ মুক্তি পাক’, ‘প্ল্যান প্ল্যান কোন প্ল্যান, মানুষ মারার মাস্টারপ্ল্যান’, ‘চাঁদাবাজ আর স্বৈরাচার, মিলমিশে একাকার’, ‘তারেক তোমার প্ল্যান কী, মানুষ খুনের রাজনীতি’ ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়।
বিক্ষোভ মিছিল শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি সাদিক কায়েম বিএনপিকে উদ্দেশ্য করে বলেন, একটা দল পাগল হয়ে গেছে। জুলাই পরবর্তী বাংলাদেশে যে ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে, সেই সুযোগকে নস্যাৎ করার জন্য একটা দল পাগল হয়ে গেছে।
তিনি বলেন, ফ্যাসিবাদী আমলে যেভাবে পেছনের রাস্তা দিয়ে খুনি হাসিনা ক্ষমতায় এসেছিল ওই দলটি সেই কাঠামোকে এখনো রেখে দিতে চায়। জুলাই বিপ্লব পরবর্তী সময়ে আমরা দেড় বছর পার করেছি। এ সময় যদি আপনারা ওই দলের আমলনামা দেখতে চান তাহলে দেখবেন পুরো সময় ধরে তারা চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস এবং মাফিয়াতন্ত্র কায়েম করেছে।
‘জুলাই বিপ্লবের দেড় বছর পরে ওই দলের একজন নেতা এসেছে। আমরা দেখতে পাচ্ছি উনি আসার পরে ওই দলের সন্ত্রাসীরা আরও লাগামহীন হয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে যেভাবে গণতন্ত্রের ধারা শুরু হয়েছে, ওই ধারাকে বন্ধ করতে তারা পাগল হয়ে গেছে। তারা নির্বাচন কমিশনের সামনে মব করে এবং বিচার বিভাগকে প্রভাবিত করে সাস্টের নির্বাচন বন্ধ করেছে।’
তিনি আরও বলেন, আজকে সারা বাংলাদেশের মানুষ দেখছে ওই দল বাংলাদেশে গণতন্ত্র চায়না, তারা মাফিয়াতন্ত্র চায়। তারা দেখতে পাচ্ছে বাংলাদেশের মানুষ ইনসাফের পক্ষে যাচ্ছে। বিগত পাঁচটি ছাত্র সংসদ নির্বাচনে তারা ইনসাফের পক্ষে অবস্থান নিয়েছে। আসন্ন ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদের বিজয়ী করার জন্য এদেশের জনগণ মুখিয়ে আছে। এটা দেখে তারা পাগল হয়ে গেছে।
সাদিক হুঁশিয়ারি দিয়ে বলেন, তারা কাপুরুষের মতো সারাদেশে মা-বোনদের ওপর হামলা করছে। আমরা বলতে চাই, আর যদি কোন মা-বোনদের ওপর হামলা করা হয়, তাহলে এদেশের ১৮ কোটি জনগণকে সাথে নিয়ে আমরা তা প্রতিহত করব।
এ সময় ডাকসুর ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহ বলেন, বিএনপি ক্ষমতায় আসার জন্য একদম পাগল হয়ে গিয়েছে। তাদের মধ্যে কোন হুশ আমরা দেখতে পাচ্ছি না। তারা আমাদের মা বোনদেরকে রেহায় দিচ্ছে না। এরকম একটা দলের কাছে বাংলাদেশ কিভাবে নিরাপদ হতে পারে।
এ সময় বিএনপিকে উদ্দেশ্য করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (জকসু) ভিপি রিয়াজুল ইসলাম বলেন, তারা আমাদের মা বোনদের উপর পুরনো কাপুরুষোচিত আচরণ প্রকাশ করেছে। ইসলামী ছাত্রশিবির যতদিন থাকবে ততদিন কোনো মা বোনদের উপরে কাপুরুষোচিত হামলা মেনে নেওয়া হবেনা। আমরা বিগত সময় যেভাবে স্বৈরাচারর মুখোমুখি দাঁড়িয়ে প্রতিরোধ করেছি, ঠিক তেমনিভাবে স্বৈরাচার, চাঁদাবাজ এবং নারী নিপীড়নকারীকে রুখে দেয়া হবে ইনশাআল্লাহ।
সময়ের আলো/এসকে/