বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি ক্ষমতায় গেলে জুলাই আন্দোলনে শহিদদের স্মৃতি ধরে রাখতে আঞ্চলিক অবকাঠামোগুলোর নামকরণ করা হবে তাদের নামে। শহিদগণ যেসব এলাকার সেসব এলাকার রাস্তাঘাট, সেতু ও হাসপাতালসহ অন্যান্য রাষ্ট্রীয় অবকাঠামো হবে তাদের নামে। যাতে শহিদদের স্মৃতি হারিয়ে না যায়।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি ইশতেহার ঘোষণার সময় এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত আদর্শ থেকে বঞ্চিত হয় নাই। তলাবিহীন ঝুড়ির দুর্নাম ঘুচিয়ে দেশকে সমৃদ্ধ করেছেন জিয়াউর রহমান। পরে খালেদা জিয়াও সেই পথ ধরে এগিয়ে নিয়েছেন। বিএনপি নির্বাচিত হয়ে রাষ্ট্র ক্ষমতায় গেলে ‘জুলাই সনদ’ অবশ্যই বাস্তবায়ন করবে।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণার অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজ এক নতুন ইতিহাস, নতুন নেতৃত্ব। সেই নেতা বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সমগ্র জাতি আজ উন্মুখ হয়ে আছে। নতুন নেতৃত্ব জটিল রাজনৈতিক বাস্তবতায় নতুন বার্তা নিয়ে আসবেন। তার নেতৃত্বে নতুন এক সূর্যোদয় হবে।
সময়ের আলো/আআ