জাপানে জয়ের পথে তাকাইচির জোট

সময়ের আলো ডেস্ক

তীব্র ঠান্ডার মধ্যে তুষারপাত উপেক্ষা করে আগাম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন জাপানের ভোটাররা। শুরু হয়েছে ভোট গণনা। এর মধ্যেই বুথফেরত

2026-02-09T04:01:08+00:00
2026-02-09T04:01:08+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাপানে জয়ের পথে তাকাইচির জোট
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬, ৪:০১ এএম 
সংগৃহীত ছবি
তীব্র ঠান্ডার মধ্যে তুষারপাত উপেক্ষা করে আগাম সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন জাপানের ভোটাররা। শুরু হয়েছে ভোট গণনা। এর মধ্যেই বুথফেরত জরিপে আভাস পাওয়া যাচ্ছে যে, দেশটির ক্ষমতাসীন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির রক্ষণশীল জোট নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা পাবে। 

জাপানের প্রতিরক্ষা বাজেট বৃদ্ধি, অভিবাসন আইন কঠোর করাসহ বেশ কিছু উচ্চাভিলাষী কর্মসূচি বাস্তবায়নের জন্য নতুন করে জন রায় পেতে রোববারের এ ভোটের ডাক দিয়েছিলেন তাকাইচি।

সংবাদমাধ্যম এনএইচকের জরিপ বলছে, তাকাইচির লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও জোট শরিক জাপান ইনোভেশন পার্টি পার্লামেন্টের নিম্নকক্ষে ৪৬৫ আসনের মধ্যে ৩৬৬টি আসন পেতে পারে। ভোটগ্রহণ শেষের প্রায় ৯০ মিনিটের মধ্যেই দেখা গেছে, এলডিপি সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ২৩৩ আসন পেয়ে গেছে। দলটি ৩২৮টি আসন জিততে পারে বলে আভাস পাওয়া যাচ্ছে, যা হবে দলটির জন্য এ যাবৎকালের সবচেয়ে ভালো ফল।

এলডিপির নেতা নির্বাচিত হওয়ার পর গত বছরের অক্টোবরে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৬৪ বছর বয়সি তাকাইচি। তিনি জানিয়েছেন, নির্বাচনে এলডিপি সংখ্যাগরিষ্ঠতা না পেলে তিনি পদত্যাগ করবেন। দুর্নীতি কেলেঙ্কারি ও বাড়তে থাকা জীবনযাত্রার ব্যয়ের কারণে এলডিপি তাদের কয়েক দশকের পুরোনো জোট শরিকদের সমর্থন ও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারায়। 

তাকাইচির নেতৃত্বে এ আগাম নির্বাচনের মধ্য দিয়ে দলটি আবার ঘুরে দাঁড়াবে বলে আভাস পাওয়া যাচ্ছে। তাকাইচি সরকার গঠন করে প্রধানমন্ত্রী হওয়ার পরও জনসমর্থনের স্পষ্ট ম্যান্ডেট পেতে চাইছিলেন। সে কারণে আগাম নির্বাচন অনুষ্ঠান করলেন তিনি। তাকাইচির সোজাসাপ্টা কথা, কঠোর পরিশ্রমের ভাবমূর্তি ভোটারদের আকৃষ্ট করেছে। তবে জাতীয়তাবাদের দিকে তার ঝোঁক এবং নিরাপত্তায় জোর দেওয়ার প্রবণতার কারণে শক্তিশালী প্রতিবেশী দেশ চীনের সঙ্গে উত্তেজনা বাড়িয়েছে। তা ছাড়া, তার কর কর্তনের প্রতিশ্রুতিতে অর্থবাজারে অস্থিরতা দেখা দিয়েছে।

দেশটিতে গত ৩৬ বছরে প্রথমবারের মতো শীতের মধ্যবর্তী সময়ে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সেখানে সাধারণত অনুকূল পরিবেশেই নির্বাচন আয়োজন করা হয়ে থাকে। 

আগাম এই নির্বাচনকে দুর্নীতি ও মূল্যস্ফীতির কারণে পুরোনো জোটসঙ্গীদের পাশাপাশি পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারানোর পর এলডিপির জন্য নতুন করে ফেরার সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

জনপ্রিয়তা কমে যাওয়ার কারণে এর আগে এলডিপির দুই প্রধানমন্ত্রী পদত্যাগ করেছিলেন। এবার তাকাইচি ভোটারদের সামনে তুলনামূলক জনপ্রিয় প্রার্থী হিসেবেই নির্বাচনে লড়ছেন। তাকাইচি করছাড় এবং ভর্তুকি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের আকর্ষণের চেষ্টা করছেন। তবে দেশটির সরকারি ঋণ অন্যান্য উন্নত দেশের মধ্যে সর্বোচ্চ হওয়ায় তার অতিরিক্ত ব্যয়ের প্রতিশ্রুতি জাপানের ধীরগতির অর্থনীতিকে ত্বরান্বিত করবে কি না, তা নিয়ে সমালোচনা রয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, তাকাইচির ব্যক্তিগত জনপ্রিয়তা এই নির্বাচনে এলডিপির জন্য ভালো ফল বয়ে নিয়ে আসতে পারে। তবে তুষারপাতের কারণে ভোটারদের উপস্থিতি ব্যাহত হতে পারে, বিশেষ করে উত্তর ও পূর্বাঞ্চলে। এবার অগ্রিম ভোটে প্রায় ৪৬ লাখ মানুষ অংশ নিয়েছেন বলে জানা গেছে, যা ২০২৪ সালের নির্বাচনের তুলনায় আড়াই শতাংশ কম। বলা হচ্ছে, প্রতিকূল আবহাওয়ার কারণে এমনটি হয়েছে। 

জাপানের নিইগাতাসহ অনেক অঞ্চলে রোববার ভারী তুষারপাত হয়েছে। জাপানের পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ৩৭টি ট্রেন লাইন ও ৫৮টি ফেরি রুট বন্ধ ছিল এবং ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। জরিপ অনুযায়ী, ১৮ থেকে ৩০ বছর বয়সি তরুণ ভোটারদের মধ্যে তাকাইচি বিশেষভাবে জনপ্রিয়। অক্টোবর থেকে ক্ষমতা নেওয়ার পর তার সরকার প্রায়শই ৭০ শতাংশের বেশি সমর্থন পেয়েছে।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করা তাকাইচি দেশে শক্ত সমর্থন গড়ে তুলেছেন এবং আন্তর্জাতিক পর্যায়েও সমর্থন পেয়েছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রতি সমর্থন জানান। বিশ্লেষকদের মতে, এই ফলাফল চীন সতর্ক দৃষ্টিতে দেখবে, কারণ এতে তাকাইচির ক্ষমতার ভিত্তি আরও দৃঢ় হলো।

সময়ের আলো/এআর

  বিষয়:   জাপান  তাকাইচি  জোট 


Loading...
Loading...
- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: