কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে বরগুনা-১ আসনের আমতলী উপজেলায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। এ আসনে মোট ভোট পড়েছে ৫২ শতাংশ।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত চলে। দিনভর ভোটাররা শান্তিপূর্ণভাবে লাইনে দাঁড়িয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। কোথাও হইচই বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
ভোটার প্রভাষক রাকিবুল ইসলাম বলেন, ভোট হওয়ার পর থেকে ভোট দিতে পারিনি। জীবনে এই প্রথম পছন্দের প্রার্থীকে ভোট দিলাম।
পূর্ব চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের নারী ভোটার শিউলী বেগম বলেন, এমন শান্তিপূর্ণ পরিবেশে ভোট কখনো দেইনি।
চুনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার প্রকৌশলী মো. শহিদুল ইসলাম স্বপন বলেন, এবার ঢাকা থেকে ভোট দিতে এসে সার্থক হয়েছি। গত ১৬ বছরে ভোট দিতে পারিনি। এবার পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরেছি। এভাবেই ভোট হওয়া প্রয়োজন।
আঠারোগাছিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের ভোটার মো. মোশাররফ হোসেন হিরু বলেন, বিগত সময়ে ভোট দিতে না পারার কষ্ট কিছুটা লাঘব হয়েছে। টানা তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারিনি। এবার শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে ঢাকা থেকে বাড়িতে এসেছি।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো অনিয়ম বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, এ উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৮৪ হাজার ৮৪৮ জন। এর মধ্যে প্রায় ৫২ শতাংশ ভোটার ভোট দিয়েছেন। সেই হিসেবে ৯৬ হাজার ১২১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।
সময়ের আলো/জোআই