গোপালগঞ্জ-৩ (কোটালিপাড়া-টুঙ্গিপাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের মাধ্যমে গণতন্ত্রের জাগরণ হয়েছে। মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে কেন্দ্রে এসে ভোট দিয়েছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ৩ টায় কোটালিপাড়ার তালিমপুর তেলিহাটি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে তিনি এ কথা বলেন।
এস এম জিলানী বলেন, সকাল সাড়ে ৭ টায় ভোট শুরু হয়ে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ চলছে। মানুষ দল বেঁধে কেন্দ্রে এসে ভোট দিচ্ছেন। আমি যতো গুলো কেন্দ্র ঘুরে দেখেছি তার মধ্যে কোনো কোনো কেন্দ্রে ৭০ থেকে ৮০ শতাংশ ভোট পড়েছে। আশা করছি এই ভোট প্রদানের মধ্য দিয়ে টুঙ্গিপাড়া-কোটালিপাড়ার মানুষ তাদের পছন্দের প্রার্থীকে বেঁছে নিবেন। মানুষের এই ভোট দেওয়ার এই জাগরণ নিয়ে কেউ যদি কোনো প্রকার ষড়যন্ত্র হয় তা এলাকার মানুষ ঐক্যবদ্ধ ভাবে তা প্রতিহত করবেন।
এর আগে সকাল ৯টায় কোটালিপাড়ার কান্দি ইউনিয়নের তালপুকুরিয়া পঞ্চপল্লী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এস এম জিলানী তার ভোট প্রদান করেন।
জয়ের বিষয়ে জিলানী বলেন, বিকেল পর্যন্ত শান্তিপূর্ণ ভাবে নির্বাচন হলে জয়ের বিষয়ে আমি শত ভাগ আশাবাদী। আর আমি এমপি নির্বাচিত হতে পারলে সর্ব প্রথম মাদক নির্মূলসহ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও নারী উন্নয়নে কাজ করার মধ্য দিয়ে কোটালিপাড়া-টুঙ্গিপাড়াকে শান্তি-সম্প্রীতির আবাসভূমি হিসেবে গড়ে তুলবো।
এ দিকে শেষ খবর পাওয়া পর্যন্ত গোপালগঞ্জ-৩ আসনের শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহণ শেষ হয়ে প্রতিটি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে।
এ আসনে মো. মারুফ শেখ ইসলামী আন্দোলন বাংলাদেশ (হাতপাখা), শেখ সালাউদ্দিন পিপলস পার্টি (আম), আবুল বাশার দাড়িয়া গণঅধিকার পরিষদ (ট্রাক), মো. হাবিবুর রহমান স্বতন্ত্র (ফুটবল), গোবিন্দ চন্দ্র প্রামাণিক স্বতন্ত্র (ঘোড়া), আবদুল আজিজ মাক্কি বাংলাদেশ খেলাফত মজলিস (রিকশা), দুলাল চন্দ্র বিশ্বাস গণফোরাম (সূর্য)।
এ আসনে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৮ হাজার ৭৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার একলাখ ৫৮ হাজার ৪০৩ জন এবং নারী ভোটার একলাখ ৫০ হাজার ৩৮০ জন। এ ছাড়া একজন তৃতীয় লিঙ্গের (হিজড়া) ভোটার রয়েছেন।
সময়ের আলো/জোআই