প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১২:১৮ এএম
গ্রাফিক সময়ের আলোদেশের পাঁচ জেলায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছেন। সোমবার ময়মনসিংহ, পঞ্চগড়, চট্টগ্রাম, সাতক্ষীরা ও গাইবান্ধায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে রয়েছেন মোটরসাইকেল আরোহী, ইজিবাইকচালক ও অটোভ্যানযাত্রী। বিস্তারিত জানিয়েছেন দৈনিক সময়ের আলোর প্রতিনিধিরা।
ময়মনসিংহ : ময়মনসিংহে দুই পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। রোববার রাত সাড়ে ১২টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল আঞ্চলিক সড়কের সদর উপজেলার মাইজবাড়ি লেংরার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক মোখলেছুর রহমান জানান, দুটি পিকআপের মুখোমুখি সংঘর্ষের পর একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি দোকানে ঢুকে পড়ে। এতে দোকানে থাকা তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাতেই দুজনের মৃত্যু হয়। পুলিশ পিকআপ দুটি জব্দ করলেও চালকদের আটক করতে পারেনি।
পঞ্চগড় : পঞ্চগড়ের দেবীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ইয়ানুর (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার দুপুরে সদর ইউনিয়নের ধরধরা পুল এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। নিহত ইয়ানুর পশ্চিম মুন্সীপাড়া এলাকার হাসেন আলীর ছেলে। ইয়ানুর তার ফুফাতো ভাই সাব্বিরকে নিয়ে দেবীগঞ্জ শহরের দিকে যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা অপর মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হলে পথে ইয়ানুরের মৃত্যু হয়।
চট্টগ্রাম : চট্টগ্রামের ফটিকছড়িতে মিনি ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সজিব উদ্দিন (২০) নামে এক তরুণ নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে হেঁয়াকো ইসলামপুর এলাকায় এ দুর্ঘটনায় তার বন্ধু রাকিব গুরুতর আহত হন। ভোজপুর থানার ওসি বিপুল চন্দ্র দে জানান, ট্রাকচালককে শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। সজিব বাগানবাজার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মো. আলমগীরের ছেলে। তিনি বন্ধুকে নিয়ে ফটিকছড়ি সদরের দিকে যাচ্ছিলেন। দুর্ঘটনার পর স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সজিবের মৃত্যু হয়।
সাতক্ষীরা : সাতক্ষীরার শ্যামনগরে লোকাল বাসের সঙ্গে ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে সাগর আলী (৫০) নামে এক চালক নিহত হয়েছেন। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে বংশীপুর এলাকায় সোনার মোড় মৎস্য আড়তের পাশে এ দুর্ঘটনা ঘটে। সাগর ঈশ্বরীপুর ইউনিয়নের বংশীপুর গ্রামের শওকত আলীর ছেলে। ভেটখালি থেকে আসা একটি লোকাল বাসের সঙ্গে তার ইজিবাইকের সংঘর্ষ হলে বাসের চাকা মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শ্যামনগর থানার ওসি শফিউল আলম পাটোয়ারী জানান, বাসটি পালিয়ে গেছে। সেটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।
গাইবান্ধা : গাইবান্ধার সুন্দরগঞ্জে মালবাহী ট্রাকের ধাক্কায় অটোভ্যানযাত্রী এনামুল হক (৪০) নিহত হয়েছেন। সোমবার বেলা ১১টার দিকে বামনডাঙ্গা ইউনিয়নের জামাল হাটসংলগ্ন কামরাঙ্গার তল এলাকায় এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। নিহত ও আহতরা রংপুরের মিঠাপুকুর উপজেলার ইমাদপুর হাজীপাড়া গ্রামের বাসিন্দা। তারা পানের বরজে শ্রমিক হিসেবে কাজ করতে এসেছিলেন। অটোভ্যান থেকে নামার মুহূর্তে পেছন থেকে দ্রুতগতির ট্রাকটি ধাক্কা দিলে এনামুল ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পান এবং ঘটনাস্থলেই মারা যান। বামনডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার জানান, আহত আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক। দুর্ঘটনাকবলিত অটোভ্যানটি থানায় জমা দেওয়া হয়েছে। ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
সময়ের আলো/আতা