মেহেরপুরের মুজিবনগর উপজেলার বিশ্বনাথপুর গ্রামে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে দুই যুবককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন রক্তাক্ত জখম হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে বিশ্বনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার অভিযোগে একই এলাকার মজনুর রহমানের ছেলে জুলফিকার আলী ভুট্টোসহ কয়েকজন একত্রিত হয়ে মাদার আলীর ছেলে আকুব্বার ও ইউনুচ আলীর ছেলে বাবলুকে বেধড়ক মারধর করে। মারধরের একপর্যায়ে বাবলুর মাথায় গুরুতর আঘাত লাগে এবং তিনি রক্তাক্ত জখম হন। পরে ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে মুজিবনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
আহত বাবলু জানান, তাদের পরিবার দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এবারের নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়েছেন। এই ভোট দেওয়াকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দলের মুজিবনগর উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদকের নেতৃত্বে তাদের ওপর হামলা চালানো হয়।
তিনি আরও অভিযোগ করেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র নেতা মজনু রহমান, দেলোয়ার, ইজরাল, হিরন, রাকিব, ভাষান, হাসান ও মনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
এ বিষয়ে অভিযুক্ত জুলফিকার আলী ভুট্টো বলেন, ‘পূর্বের একটি তুচ্ছ ঘটনার জের ধরে আকুব্বার নামের এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির সময় বাবলু নিজে থেকে মাঝখানে জড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে।
এ সংবাদ লেখা পর্যন্ত আহত ব্যক্তির পক্ষ থেকে মুজিবনগর থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
সময়ের আলো/কেএইচও