দুর্নীতির মামলা তদন্তাধীন থাকায় এক্সিম ব্যাংক ও নাসা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নজরুল ইসলাম মজুমদারের স্ত্রী এবং প্রতিষ্ঠানটির পরিচালক নাসরিন ইসলামের নামে থাকা স্থাবর সম্পত্তি জব্দের (ক্রোক) আদেশ দিয়েছেন আদালত।
সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুদকের আবেদনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. সাব্বির ফয়েজ আসামির নামীয় স্থাবর সম্পত্তি জব্দের নির্দেশ দেন। একইসঙ্গে, আদেশ কার্যকর করতে জেলা প্রশাসক ও জেলা রেজিস্ট্রার, কুমিল্লার প্রতি প্রয়োজনীয় নির্দেশ জারির বিষয়েও বলা হয়েছে।
আরও পড়ুন
এদিন মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ শিহাব সালাম এ আবেদন করেন। আবেদনে উল্লেখ করা হয়, তদন্তকালে বিভিন্ন সূত্রে জানা গেছে আসামি তার নামীয় স্থাবর ও অস্থাবর সম্পদ বিক্রি, হস্তান্তর বা স্থানান্তরের চেষ্টা করছেন। মামলা নিষ্পত্তির পূর্বেই এসব সম্পদ রূপান্তর বা বিক্রি হয়ে গেলে রাষ্ট্রের অপূরণীয় ক্ষতির আশঙ্কা রয়েছে। এ প্রেক্ষাপটে দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৮ এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ১৪ ধারা অনুযায়ী আসামির নামে অর্জিত স্থাবর সম্পত্তি অবিলম্বে ক্রোকের আবেদন জানানো হয়। দুদকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে কমিশনের অনুমোদন রয়েছে।
মামলার অভিযোগ থেকে জানা যায়, দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১ এর একটি মামলায় নাসরিন ইসলামকে আসামি করা হয়। মামলাটি দায়ের করা হয়েছে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫ (২) ধারায়। দুদকের আবেদনে বলা হয়, মিসেস নাসরিন ইসলাম (স্বামী- নজরুল ইসলাম মজুমদার) ক্ষমতার অপব্যবহার, ঘুষ ও দুর্নীতির মাধ্যমে জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ২০ কোটি ২৬ লাখ ৫৯ হাজার ৮৫০ টাকার সম্পদ অসাধুভাবে অর্জন করে নিজ ভোগদখলে রেখেছেন।
এএডি/