চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলাতে মাদকবিরোধী বিশেষ অভিযানে একই পরিবারের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। দীর্ঘদিন ধরে সিসি ক্যামেরার নজরদারির আড়ালে মাদক কারবার পরিচালনার অভিযোগে তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার বারৈয়াঢালা ইউনিয়নের কলাবাড়িয়া আদর্শ গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে ১৭ ফেব্রুয়ারি রাত ৮টার দিকে অভিযান চালায় থানা পুলিশ।
অভিযানে প্রথমে মেহেদী হাসান হৃদয় (২৪) নামে এক যুবককে আটক করা হয়। পরে ইয়াবা ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে তার বাবা বাহার উদ্দিন (৫৫) ও মা বিবি মরিয়ম ওরফে কোহিনূর আক্তার (৪৫)কে আটক করা হয়।
অভিযানকালে হৃদয়ের কাছ থেকে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানায়, বাড়ির চারপাশে সিসি ক্যামেরা স্থাপন করে দীর্ঘদিন ধরে নজরদারির আড়ালে এই মাদক কারবার চালানো হচ্ছিল।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মহিনুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে হৃদয়ের পুরো পরিবারই মাদক ব্যবসার সঙ্গে জড়িত। কৌশলে তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল।
তিনি আরও জানান, হৃদয়ের বিরুদ্ধে হত্যা, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
এদিকে, কলাবাড়িয়া আদর্শ গ্রামে একটি মসজিদ, মাদ্রাসা, এতিমখানা ও একটি প্রাথমিক বিদ্যালয় থাকায় এলাকাটিতে মাদকের বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে উদ্বিগ্ন ছিলেন স্থানীয় অভিভাবকরা। তাদের অভিযোগ, স্কুলগামী শিক্ষার্থীদের নিরাপত্তা ও নৈতিক অবক্ষয় নিয়ে তারা সবসময় আতঙ্কে ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক মাস আগে মাদকের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ দাবি করা হয়েছিল। তাদের দাবি, এর আগেও হৃদয়ের কয়েকজন সহযোগী গ্রেফতার হলেও জামিনে মুক্ত হয়ে পুনরায় একই কারবারে জড়িয়ে পড়ে।
পুলিশ জানিয়েছে, চলমান অভিযানের ধারাবাহিকতায় মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি কঠোরভাবে অনুসরণ করা হবে।
সময়ের আলো/আরবিএন