তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেছেন, বিএনপি প্রমাণ করবে একটি ফ্যাসিবাদী সংস্কৃতির বিকল্প আরেকটি ফ্যাসিবাদী সংস্কৃতি নয়। কোন কোন রাজনৈতিক মহল ধর্মকে ব্যবহার করে এবং ধর্মব্যবসার মাধ্যমে বিকল্প ফ্যাসিবাদী সংস্কৃতির ধারা চালু করতে চায়, যা হতে দেওয়া হবে না।
বুধবার (৪ মার্চ) বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেয়া হবে জানিয়ে তথ্যমন্ত্রী জহির উদ্দীন স্বপন বলেন, কোনো অপরাধকেই তামাদি হতে দেওয়া হবে না। প্রতিটি অপরাধীকে জবাবদিহিতার আওতায় আনা হবে। আইনের বাইরে কাউকে নিজের হাতে বিচারের দায়িত্ব তুলে নিতে দেওয়া হবে না।
তিনি বলেন, বিগত আমলের সবচেয়ে বড় অপরাধ ছিল গোটা রাষ্ট্রকে দলীয়করণ করা। এমনকি পুলিশের ইউনিফর্মকেও একটি দলীয় বাহিনীতে রূপান্তর করা হয়েছিল। প্রেস ক্লাবকে দলীয় ক্লাবে পরিণত করার ফলে সার্বজনীন প্রতিষ্ঠানগুলো জনগণের কাছে বিতর্কিত হয়ে পড়েছে।
তথ্য মন্ত্রী বলেন, প্রেস ক্লাবের অভ্যন্তরীণ কোনো সমস্যায় রাষ্ট্র, পুলিশ বা সরকারি দলের প্রভাব খাটিয়ে কোনো সমাধান করা হবে না। প্রেস ক্লাবের সমস্যা সাংবাদিকদেরই ঐক্যবদ্ধভাবে সমাধান করতে হবে এবং তা হতে হবে প্রতিষ্ঠানের নিজস্ব গঠনতন্ত্র মোতাবেক।
তিনি বলেন, কোনো প্রতিষ্ঠানকে যখন দলীয়করণ, ব্যক্তিকরণ বা পারিবারিকীকরণ করা হয়, তখন সেটি আর তার অর্পিত দায়িত্ব পালন করতে পারে না। বিশেষ করে প্রেস ক্লাবের মতো জাতীয় প্রতিষ্ঠানকে দলীয়করণ করাকেই তিনি ‘ফ্যাসিবাদের সংজ্ঞা’ হিসেবে অভিহিত করেছেন।
মন্ত্রী বলেন, বিগত সরকার খুন, গুম এবং প্রতিষ্ঠানকে হত্যা করার দায়ে আজ জনগণের কাছে অপরাধী এবং তারা নির্বাচনে অংশগ্রহণের রাজনৈতিক ও সামাজিক বৈধতা হারিয়েছে।
মতবিনিময় সভায় তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উপড়ে ফেলা নামফলক পুনঃস্থাপন করার অনুরোধ জানান।
চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহিদুল করিম কচির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলাম মাওলা মুরাদের সঞ্চালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের (সিএমইউজে) সভাপতি মোহাম্মদ শাহনেওয়াজ। আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞা, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের কণ্ঠের সম্পাদক হাসান হাফিজ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) মহাসচিব কাদের গণি চৌধুরী।
এসময় তথ্যমন্ত্রীকে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে স্মারকলিপি প্রদান করেন। মতবিনিময় সভায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য এবং স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এফআর