কুষ্টিয়ার খোকসায় গড়াই নদীতে গোসলে নেমে নিখোঁজ দুই শিশুর মধ্যে তাইবা (৭) নামে একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এক শিশুকে উদ্ধারে ডুবুরি দল নদীতে চালিয়ে যাচ্ছে।
রোববার (৮ মার্চ) সকাল ১১টায় উপজেলার ওসমানপুর খেয়াঘাট এলাকা থেকে নিখোঁজের ১৯ ঘণ্টা পর তাইবার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত তাইবা একই এলাকার ফারুকের মেয়ে। এ ঘটনায় এখনো নদীতে নিখোঁজ রয়েছে একই এলাকার সোহেলের মেয়ে সুরাইয়া নামে আরেক শিশু। নিহত তাইবা ও নিখোঁজ সুরাইয়া তারা দুজনই ওসমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। তাইবার মরদেহ উদ্ধারের পর কান্নায় ভেঙে পড়েন পরিবারের সদস্য ও স্বজনরা।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দুপুরে ওসমানপুর খেয়াঘাট এলাকায় চার শিশু নদীতে গোসলে নামে। এ সময় সাঁতার কেটে মাঝ নদীতে জেগে ওঠা চরের দিকে যাওয়ার সময় স্রোতের মুখে পড়ে যায়। এ সময় খেয়াঘাটে থাকা নৌকার মাঝিরা সামিয়া ও সুমাইয়া নামে দুই শিশুকে জীবিত উদ্ধার করে। তবে তাইবা ও সুরাইয়া পানিতে তলিয়ে যায়।
খোকসা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইউনিট কর্মকর্তা রওশন আলী জানান, নিখোঁজ দুই শিশুর মধ্যে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। অন্য শিশুকে উদ্ধারে ডুবুরি দল ও স্থানীয় জেলেরা নদীর বিভিন্ন পয়েন্টে তল্লাশি চালাচ্ছে।
সময়ের আলো/আআ