বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালায় বড় ধরনের পরিবর্তন এনেছে শিক্ষা মন্ত্রণালয়।
মঙ্গলবার (১০ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্কুল ও কলেজের শীর্ষ পদে— অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষক— নিয়োগ পেতে এখন থেকে ন্যূনতম ১৮ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে।
এ নিয়ে বিকেলে জনবল কাঠামো সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কর্মকর্তারা জানান, অন্তর্বর্তী সরকার আগে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান ও সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগ বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে দেওয়ার সিদ্ধান্ত নেয়।
তবে সরকার-সমর্থিত একজন সংসদ সদস্য ও বেসরকারি শিক্ষক নেতাদের আপত্তির মুখে সরকার এ বিষয়ে সমন্বিত সিদ্ধান্ত নিয়েছে।
নতুন ব্যবস্থায় নিয়োগ এনটিআরসিএর মাধ্যমেই হবে, তবে প্রতিষ্ঠানে শৃঙ্খলা ও অভিজ্ঞ নেতৃত্ব নিশ্চিত করতে অভিজ্ঞতার শর্ত বাড়ানো হয়েছে।
আগে এসব পদে নিয়োগের ক্ষেত্রে ১২ থেকে ১৫ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হলেও এখন তা বাড়িয়ে ১৮ বছর করা হয়েছে।
সময়ের আলো/এআর