বাংলাদেশের পাসপোর্টে আবারও যুক্ত করা হয়েছে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ। একই সঙ্গে পাসপোর্টের জলছাপেও আনা হয়েছে বড় ধরনের পরিবর্তন। নতুন জলছাপে স্থান পেয়েছে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর শহিদ আবু সাঈদ, মীর মাহফুজুর রহমান (মুগ্ধ) ও ওয়াসিম আকরামের ছবি। এ ছাড়া সব ধর্মের প্রতীকও যুক্ত করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) এ-সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আদেশে ই-পাসপোর্ট বুকলেটের বিদ্যমান ছবি পুনর্বিন্যাস করে নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, এখন থেকে নতুন যেসব ই-পাসপোর্ট ইস্যু করা হবে, সেগুলোতে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ থাকবে। তাদের ভাষ্য, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন প্রশ্নে দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নকশার ই-পাসপোর্টের জলছাপে যুক্ত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থানের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদের দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা ছবি, উত্তরার আজমপুরে পানির বোতল হাতে থাকা শহিদ মীর মাহফুজুর রহমান (মুগ্ধ) এবং জাতীয় পতাকার জার্সি পরা চট্টগ্রামের ছাত্রদল নেতা শহিদ ওয়াসিম আকরামের ছবি। এই তিনটি ছবি ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’ শিরোনামে সংযোজন করা হয়েছে।
এ ছাড়া নতুন ই-পাসপোর্টের জলছাপে থাকবে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, দিনাজপুরের কান্তজিউ মন্দির, শিখা অনির্বাণ, লালবাগ কেল্লা, কক্সবাজারের ঝাউবন ও সমুদ্রসৈকত (নৌকা ছাড়া), টাঙ্গুয়ার হাওর, ইলিশ, নীলগিরি, আহসান মঞ্জিল, কাঁঠাল, স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, পানাম নগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, পাট, চা-বাগান, সুন্দরবন, হলি রোজারি চার্চ এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের চিত্রকর্ম ‘সংগ্রাম’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময় ই-পাসপোর্ট চালুর পর পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। এর আগে বাংলাদেশের পাসপোর্টে লেখা থাকত, ‘এই পাসপোর্ট বিশ্বের সব দেশের জন্য বৈধ, ইসরায়েল ছাড়া।’ পরে বিভিন্ন মহল থেকে ওই শব্দবন্ধ পুনর্বহালের দাবি ওঠে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর ই-পাসপোর্টের নকশা ও বিষয়বস্তু পরিবর্তনের উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে একাধিক বৈঠকের পর প্রধানমন্ত্রীর অনুমোদনের ভিত্তিতে নতুন নকশা চূড়ান্ত করে সরকারি আদেশ জারি করা হয়েছে।
পরিবর্তনের অংশ হিসেবে পাসপোর্টের জলছাপ থেকে বাদ দেওয়া হয়েছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মুজিবনগর স্মৃতিসৌধের ছবি।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদফতরের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন ই-পাসপোর্টে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধ এবং সংশোধিত জলছাপ সংযোজন করা হবে। বর্তমানে ব্যবহৃত পাসপোর্টধারীদের জন্য তাৎক্ষণিক কোনো পরিবর্তন বা জটিলতা থাকছে না। মেয়াদ শেষে নবায়নের সময় তারা নতুন সংস্করণের পাসপোর্ট পাবেন। ৪৮ ও ৬৪ পৃষ্ঠার উভয় ধরনের ই-পাসপোর্টেই নতুন জলছাপ ব্যবহার করা হবে।
সময়ের আলো/ইউএমএইচ