প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৫:০৪ এএম
ছবি : সংগৃহীত নাগরিক সেবা সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত করতে সব ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্ত করা হয়েছে। ফলে এখন ঘরে বসেই অনলাইনে আবেদন, প্রযোজ্য ক্ষেত্রে ফি পরিশোধ এবং কিউআর কোড সংবলিত সনদ বা সেবা গ্রহণ করতে পারবেন নাগরিকরা।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদফতরের উদ্যোগে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। এতে মন্ত্রিপরিষদ বিভাগের সার্বিক তত্ত্বাবধান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের আওতাধীন অ্যাসপায়ার টু ইনোভেট (এটুআই) প্রোগ্রাম সহযোগিতা করেছে।
আইএসপিআর জানায়, আগে ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবা পেতে আবেদনকারীকে সংশ্লিষ্ট কার্যালয়ে সশরীরে উপস্থিত হতে হতো। এতে বাড়তি সময় ও অর্থ ব্যয়ের পাশাপাশি নানা ভোগান্তিরও শিকার হতে হতো তাদের।
এ পরিস্থিতি থেকে উত্তরণে প্রথমে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ডের দুটি নাগরিক সেবা মাইগভ প্ল্যাটফর্মে যুক্ত করে পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়। পাইলট কার্যক্রম সফল হওয়ার পর বাকি ১৪টি ক্যান্টনমেন্ট বোর্ডের সেবা ডিজিটালাইজেশনের উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে মাইগভ প্ল্যাটফর্মে ১৯টি মৌলিক সেবার বিপরীতে তৈরি ১৮৫টি অনলাইন আবেদন ফর্ম সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে।
এখন থেকে একই প্ল্যাটফর্ম ব্যবহার করে ক্যান্টনমেন্ট বোর্ডগুলো অনলাইনে আবেদন গ্রহণ, যাচাই, তদন্ত, প্রক্রিয়াকরণ ও নিষ্পত্তির কাজ করতে পারবে। এতে দাফতরিক কার্যক্রমে গতি আসার পাশাপাশি কাগজনির্ভরতা কমবে এবং সেবা ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে বলে আশা করা হচ্ছে।
সরকারের সেবা সহজীকরণ ও ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় ক্যান্টনমেন্ট বোর্ডের নাগরিক সেবাগুলো মাইগভ প্ল্যাটফর্মে অন্তর্ভুক্তির মাধ্যমে নাগরিকদের জন্য আরও সহজ ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানিয়েছে আইএসপিআর।
সময়ের আলো/প্রিন্ট/জেডি