সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩২ বছর করার অধ্যাদেশের সঙ্গে একমত পোষণ করেছে সংসদীয় বিশেষ কমিটি।
মঙ্গলবার (২৪ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত বিশেষ কমিটির প্রথম বৈঠক শেষে সাংবাদিকদের এই তথ্য জানান জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ ও জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান।
রফিকুল ইসলাম খান জানান, বিশেষ কমিটির প্রথম বৈঠকে মোট ১৩৩টি অধ্যাদেশ নিয়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে প্রথম দিনে ২৭টি অধ্যাদেশ নিয়ে বিস্তারিত কথা হয়েছে। যার মধ্যে পাঁচটি বাদে বাকি প্রায় সব অধ্যাদেশের অধিকাংশ বিষয়ে কমিটি একমত প্রকাশ করেছে। বৈঠকে আলোচিত বেশিরভাগ অধ্যাদেশ সুপারিশ আকারে সংসদে উত্থাপনের বিষয়েও কমিটি ঐক্যমতে পৌঁছেছে।
তবে গুম প্রতিরোধ ও প্রতিকার (সংশোধনী) অধ্যাদেশ-২০২৬ এবং পুলিশ কমিশন অধ্যাদেশ-২০২৫ নিয়ে আরও আলোচনার প্রয়োজন রয়েছে বলে তিনি জানান।
প্রস্তাবিত জুলাই যোদ্ধাদের সুরক্ষা সংক্রান্ত অধ্যাদেশ নিয়ে বিরোধীদলীয় হুইপ বলেন, এতে যেসব বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে, তার সঙ্গে কমিটি সম্পূর্ণ একমত।
জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দেওয়ার বিষয়ে জোর দিয়ে তিনি বলেন, জুলাই বিপ্লব না হলে আমরা সংসদ সদস্য হতে পারতাম না বা আজ সংসদ ভবনে আসতে পারতাম না। তাই এই আকাঙ্ক্ষাকে আমরা অবশ্যই প্রাধান্য দেব।
সংবিধান এবং জুলাই চেতনার মধ্যকার অগ্রাধিকারের প্রশ্নে রফিকুল ইসলাম খান মন্তব্য করেন, সংবিধান মানুষের জন্য, মানুষের জন্য সংবিধান নয়। এটি কোনো ওহি বা কুরআন নয় যে পরিবর্তন করা যাবে না। জুলাই চেতনাকে বাস্তবায়নের প্রয়োজনে যদি সংবিধান পরিবর্তনের দরকার হয়, তবে তা অবশ্যই করা হবে।
তিনি আরও বলেন, বিগত ফ্যাসিবাদী সরকার সংবিধানের দোহাই দিয়ে অনেক কিছু করেছে, কিন্তু জনগণের প্রয়োজনে সংবিধান সব সময়ই পরিবর্তন হয়েছে।
বৈঠকে সংসদীয় বিশেষ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এবং ধারাবাহিকভাবে বাকি অধ্যাদেশগুলো নিয়ে পরবর্তী মিটিংয়ে আলোচনা করা হবে বলে জানানো হয়েছে।
তবে প্রথম দিনের এই বৈঠকে কোনো সাংবিধানিক বিষয়ে আলোচনা হয়নি।
সময়ের আলো/আরবিএন