এই মুহূর্তে দেশে জ্বালানি কোনো সংকট নেই বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সরকারি পরিকল্পনা অনুযায়ী সবকিছু স্বাভাবিকভাবে চললে জ্বালানি নিয়ে কোনো সংকট মোকাবিলা করতে হবে না বলে মন্তব্য করেন তিনি। বুধবার বিএনপি সরকারের এক মাস পূর্তি উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এ সংবাদ সম্মেলনে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এবং প্রধানমন্ত্রীর উপদেষ্টা (তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়) ডা. জাহেদ উর রহমান উপস্থিত ছিলেন। তথ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে বিদ্যুৎ ও জ্বালানির পরিস্থিতির বিষয়টি সবাই জানেন। সারা পৃথিবী হুরমুজ প্রণালি দিয়ে যে জ্বালানি সরবরাহ হয়, তার প্রভাব আমরা অনুভব করছি। আমাদের মতো দেশ যেখানে জ্বালানি আমদানিনির্ভর, সেখানে বিদ্যুৎ জ্বালানি ব্যবস্থার ওপর চাপ স্বাভাবিক।
মন্ত্রী বলেন, পার্শ্ববর্তী দেশের সঙ্গে তুলনা করলে আমাদের মূল্যে যথেষ্ট ব্যবধান রয়েছে। বর্তমান সংকট এবং যুদ্ধ পরিস্থিতি মাথায় রেখে অর্থমন্ত্রীর নেতৃত্বে একটি মন্ত্রিপরিষদ কমিটি গঠন করা হয়েছে, যা পরিস্থিতি দক্ষতার সঙ্গে পরিচালনা করছে।
ফলে বর্তমানে কোনো সংকট নেই এবং আশা করি ভবিষ্যতেও মোকাবিলা করতে হবে না। তবে গণমাধ্যম ও বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন সংবাদ ছড়িয়ে পড়ায় প্যানিক বায়িং শুরু হয়েছে। এর কারণে সরকার চাপের মধ্যে রয়েছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাহেদ উর রহমান বলেন, আমাদের খুবই দুর্ভাগ্য, আমাদের জাতিরও দুর্ভাগ্য যে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা গ্লোবাল ক্রাইসিসে পড়েছি।
এখন সবার দায়িত্ব মানুষকে এটি বলার চেষ্টা করা- প্যানিক বায়িং এবং মজুদ যেন তারা অতটা না করেন। পাম্প পর্যায়ে হয়তো কেউ কেউ স্টোর করার চেষ্টা করছে। আমাদের সরকার সেগুলো একটু দেখার চিন্তা করছে।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, ঈদের আগে যে পরিমাণ তেল দেওয়া হয়েছে কয়েক দিন যাওয়ার কথা ছিল কিন্তু কয়েক ঘণ্টার মধ্যে শেষ হয়ে গেছে এগুলো। এটি আসলে ঠিক সরকারের মিস ম্যানেজমেন্টের চাইতে আমাদের এক ধরনের ভীতি এবং অসচেতনতা।
সময়ের আলো/আআ