স্মৃতিসৌধে জাপা ও ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি

আশুলিয়া সংবাদদাতা

জাতীয়

জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের আগ মুহুর্তে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অপেক্ষায় থাকা জাতীয় পার্টির

2026-03-26T16:31:33+00:00
2026-03-26T16:52:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
স্মৃতিসৌধে জাপা ও ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতি
আশুলিয়া সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৪:৩১ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৪:৫২ পিএম
জাতীয় স্মৃতিসৌধে জাপা ও ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। ছবি : সংগৃহীত
জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদনের আগ মুহুর্তে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অপেক্ষায় থাকা জাতীয় পার্টির নেতাদের সাথে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির নেতাকর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাতীয় পার্টির অন্তত একজন নেতা আহত হয়েছেন বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।

হাতাহাতি ও উত্তেজনার সময় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী এবং ছাত্রশক্তির নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব।

জাতীয় পার্টির পক্ষ থেকে দাবি করা হয়, মহান স্বাধীনতা ও বিজয় দিবস উপলক্ষে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য ব্যানারসহ মিছিল ও ফুল নিয়ে লাইনে অপেক্ষমাণ থাকা অবস্থায় একটি গ্রুপ তাদের উপর পরিকল্পিতভাবে হামলা চালায়। এসময় জাতীয় পার্টির নেতাকর্মীরা তাদের ভদ্রভাবে প্রতিরোধ করে।

অন্যদিকে জাতীয় ছাত্রশক্তির পক্ষ থেকে দাবি করা হয়েছে, জাতীয় পার্টি স্লোগান দেওয়ার সময় ছাত্রশক্তির পক্ষ থেকেও মুজিববাদের দালালেরা হুশিয়ার সাবধানসহ বিভিন্ন স্লোগান দেওয়া শুরু হয়। জাতীয় পার্টির এক নেতা ছাত্রশক্তির সিনিয়র জয়েন্ট সেক্রেটারি নাঈম আবেদিনের উপর হামলা করলে ছাত্রশক্তির নেতাকর্মীরা জাতীয় পার্টির ব্যানার ছিড়ে ফেলে।

ঘটনার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জাতীয় পার্টির (জাপা) মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী গণমাধ্যমকে বলেন, আমরা এখনো জানিনা কারা করেছে (হামলা), তবে আমাদের দৃড় বিশ্বাস একাত্তর বিরোধী চক্র, যারা বাংলাদেশের স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা পাকিস্তানকে ধারণ করে, যারা পাকিস্তানে আবার ফিরে যেতে চায়, তারা এই পবিত্র জায়গায় এই অপবিত্র কাজটি করতে পারে।

তিনি বলেন, আমরা যখন মিছিল নিয়ে আসছিলাম তখন কিছু ছেলেপেলে আমাদের মিছিলে আক্রমণ করেছে, তবে আমাদের নেতাকর্মীরা সেটিকে ভদ্রভাষায় প্রতিহত করেছে। তিনি অবশ্য দাবি করেন, এই ঘটনায় জাতীয় পার্টির কেউ হতাহত হয়নি, আমরা সর্বোচ্চ সাহসিকতার সাথে ব্যাপারটি দেখেছি, আমরা তাদের উগ্র ফাঁদে পা দেইনি।

অন্যদিকে জাকসুর সমাজসেবা সম্পাদক এবং জাতীয় ছাত্রশক্তির সিনিয়র সহ-সভাপতি আহসান লাবীব বলেন, সেখানে জাতীয় পার্টির লোকজন নানা ধরনের স্লোগান দিচ্ছিল। এসময় আমরাও স্লোগান দেওয়া শুরু করি মুজিববাদের দালালেরা হুশিয়ার, সাবধান। এসময় জাতীয় পার্টির একজন নেতা আমাদের ছাত্রশক্তির একজন নেতার উপর হামলা করে, পরে আমাদের ছাত্রশক্তির নেতাকর্মীরা তাদের ব্যানার ছিড়ে ফেলে।

জাপা মহাসচিব বলেন, একটা হীন প্রক্রিয়ার মাধ্যমে, একটা নীল নকশার মাধ্যমে জাতীয় পার্টিকে পার্লামেন্ট থেকে সড়িয়ে দেওয়া হয়েছে। আমরা মনে করি, দীর্ঘমেয়াদে এই ষড়যন্ত্র সফল হবে না, জাতীয় পার্টি ফিরে আসছে এবং বারবার ফিরে আসবে।

তিনি বলেন, ২৬শে মার্চ, আমাদের হাজার বছরের বাঙ্গালীর অর্জন। স্বাধীনতার চেতনা নিয়ে জাতীয় পার্টি এগিয়ে চলছে এবং সামনেও এগিয়ে চলবে। আমরা একটা বৈষম্যহীন বাংলাদেশ চাই, একটা সমতার বাংলাদেশ চাই, একটা সকলের বাংলাদেশ চাই। কিছু ব্যক্তি মনে করে বাংলাদেশ তার নিজস্ব দলের। কিছু ব্যক্তি মনে করে বাংলাদেশ তাদের পৈতৃক ধন। এই বাংলাদেশের মালিক বাংলাদেশের জনগণ, আর জনগণের প্রতিনিধিত্বশীল দল হিসাবে জাতীয় পার্টি রাজনীতি করছে। সামনেও রাজনীতি করবে।

/এমএইচ 


  বিষয়:   স্মৃতিসৌধ  জাপা  ছাত্রশক্তি  আহত 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: