ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সংঘাত শুরুর পর প্রথমবারের মতো ওমান উপসাগর থেকে আসা ‘এমটি বিডব্লিউইকে বোর্নহোম’ নামের একটি জাহাজ এলপিজি নিয়ে বাংলাদেশে পৌঁছেছে। শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ডে এর পণ্য খালাস সম্পন্ন করেছে বলে জানা গেছে।
শিপিং এজেন্টদের তথ্যমতে, যুদ্ধ শুরুর পর পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে হরমুজ প্রণালি পেরিয়ে বাংলাদেশে আসা এটিই প্রথম এলপিজি পরিবাহী জাহাজ।
স্মার্ট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান বিএম এনার্জি (বিডি) লিমিটেড এই এলপিজি আমদানি করেছে। ৩ হাজার ৮০০ টন এলপিজি নিয়ে জাহাজটি ওমানের দুকম বন্দর থেকে যাত্রা শুরু করেছিল। পথিমধ্যে শ্রীলঙ্কায় আংশিক পণ্য খালাস করে সীতাকুণ্ডে এসে বাকি অংশ নামিয়ে দিয়ে যায়।
আমদানিকারক প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, যুদ্ধের কারণে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হলেও আন্তর্জাতিক সরবরাহকারীদের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের ফলে এই চালানটি আনা সম্ভব হয়েছে।
এদিকে, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা এবং পরবর্তী সময়ে তেহরানের পাল্টা জবাবের ফলে মধ্যপ্রাচ্যের জলসীমায় চরম উত্তেজনা বিরাজ করছে। বিশেষ করে ইরান কর্তৃক হরমুজ প্রণালি বন্ধের ঘোষণার পর পারস্য উপসাগরে নিরাপত্তা ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
ইন্টারন্যাশনাল বার্গেনিং ফোরাম (আইবিএফ) এই পুরো এলাকাকে ‘যুদ্ধাঞ্চল’ হিসেবে ঘোষণা করেছে। ঝুঁকির কারণে বিমা কোম্পানিগুলো যুদ্ধ প্রিমিয়াম বাড়িয়ে দেওয়ায় এখন এই পথে পণ্য পরিবহনের খরচও আগের তুলনায় অনেক বেড়ে গেছে।
সময়ের আলো/কেএইচও