২০২৫-২৬ শিক্ষাবর্ষের জিএসটি গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় বাণিজ্য বিভাগ (সি ইউনিট) থেকে প্রথম স্থান অধিকার করেছেন ফারহানা সুলতানা ঐশী।
সোমবার (৩০ মার্চ) দুপুরে গুচ্ছ ভর্তি পরীক্ষার কোর কমিটির সচিব ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
জানা গেছে, যশোরের মাইকেল মধুসূদন কলেজের শিক্ষার্থী ঐশী ১০০ নম্বরের মধ্যে ৮৫ নম্বর পেয়ে মেধা তালিকায় শীর্ষস্থান দখল করেন। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) কেন্দ্রে পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।
এছাড়া মেধাবী এই শিক্ষার্থী এ বছরের ভর্তি পরীক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘সি’ ইউনিটে ৮০তম, ‘বি’ ইউনিটে ১৬তম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ই’ ইউনিটে ৩য় এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘বি’ ইউনিটে প্রথম স্থান অর্জন করেছেন।
সাফল্য নিয়ে অনুভূতি জানতে চাইলে ফারহানা সুলতানা ঔশী বলেন, প্রথমেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করছি। আমার এই সাফল্যের পেছনে আমার আম্মুর অবদান সবচেয়ে বেশি—তিনি আমার প্রথম ও প্রধান প্রেরণার উৎস। এছাড়াও আমার শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দের কাছে আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।
তবে এবারের গুচ্ছ পরীক্ষার প্রশ্নপত্রে কিছুটা অসঙ্গতি ছিল উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন যে, কর্তৃপক্ষ ভবিষ্যতে বিষয়টি বিবেচনা করবে।
ভবিষ্যৎ পরীক্ষার্থীদের উদ্দেশে ফারহানা সুলতানা ঐশী বলেন, শুধু পরিশ্রমই যথেষ্ট নয়। ধৈর্য, ধারাবাহিকতা এবং সঠিক কৌশল থাকতে হবে। সফলতার মূল চাবিকাঠি হলো দৃঢ় সংকল্প।
প্রসঙ্গত, এ বছর বাণিজ্য বিভাগের (সি ইউনিট) ভর্তি পরীক্ষায় মোট ২৫ হাজার ২১৬ জন আবেদনকারীর মধ্যে ১৯ হাজার ৬০৬ জন অংশ নেন। নির্ধারিত কাট মার্ক ৩০ নম্বরের উপরে পেয়ে ১২ হাজার ৯৭৮ জন পরীক্ষার্থী ভর্তির যোগ্যতা অর্জন করেছেন।
জিএসটি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো— ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোণা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং নওগাঁ বিশ্ববিদ্যালয়।
এফআর