পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর পান্থপথে পানি ভবনে বিশ্ব পানি দিবস উপলক্ষে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘বন্যার হাত থেকে পরিত্রাণ পেতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান খাল খনন কর্মসূচি শুরু করেছিলেন। বর্তমান সরকার ইতোমধ্যে ৫৪ জেলায় খাল খনন উদ্বোধন করেছে। ১৮০ দিনে ১২০০ কিলোমিটার এবং আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে।’
তিনি বলেন, ‘পানি শুধু জীবনের উৎস নয় এটি সমতা ও ন্যায্যতার প্রতীক। সবার জন্য নিরাপদ ও পর্যাপ্ত পানির নিশ্চয়তায় একটি ন্যায়সংগত ও টেকসই ভবিষ্যৎ গড়ে তোলা প্রয়োজন। টেকসই পানিসম্পদ ব্যবস্থাপনায় সঠিক কর্মপরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে।’
তিনি আরও বলেন, ‘পানির গুরুত্ব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টির জন্য উদ্যোগ নেওয়া প্রয়োজন। বন্যার পানি একদিকে মানুষকে দুর্ভোগে ফেলে দেয়, অপরদিকে খরায় পানির অভাবে মানুষের জীবন-জীবিকা ব্যাহত হয়। ২০২৪ সালের বন্যায় সিলেট, কুমিল্লা, নোয়াখালী ও লক্ষীপুর জেলায় ব্যাপক জলাবদ্ধতা তৈরি হয়েছিলো।’
সময়ের আলো/কেএইচও