দেশের পরিবেশ ও জীববৈচিত্র্য সুরক্ষায় গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে জাতীয় সংসদে পাস হয়েছে ‘হাওর ও জলাভূমি সংরক্ষণ আইন-২০২৬’। এর মাধ্যমে দীর্ঘদিনের আইনি শূন্যতা কাটিয়ে হাওর অঞ্চলের ব্যবস্থাপনা ও সংরক্ষণে সুস্পষ্ট দিকনির্দেশনা প্রতিষ্ঠিত হলো।
মঙ্গলবার (৭ এপ্রিল) সংসদ অধিবেশনে পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দিন চৌধুরী এ্যানী বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
সংশ্লিষ্টরা বলছেন, দেশের উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ হাওর ও জলাভূমি এলাকায় দীর্ঘদিন ধরে অপরিকল্পিত উন্নয়ন, বাঁধ নির্মাণ, নদীপথে প্রতিবন্ধকতা সৃষ্টি এবং কৃষি ও মৎস্য খাতে অনিয়ন্ত্রিত কার্যক্রমের ফলে পরিবেশের ভারসাম্য বিঘ্নিত হচ্ছিল। নতুন এই আইনের মাধ্যমে এসব কার্যক্রম নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
আরও পড়ুন
আইন প্রণয়নের পেছনে রয়েছে উচ্চ আদালতের নির্দেশনাও। ২০২০ সালে একটি রিট আবেদনের পর হাইকোর্ট জলাভূমি সুরক্ষায় দ্রুত আইন প্রণয়নের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশনার আলোকেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন আইনে হাওর অঞ্চলের সমন্বিত উন্নয়ন, বন্যা নিয়ন্ত্রণ, সেচব্যবস্থা উন্নয়ন, মৎস্য সম্পদ সংরক্ষণ এবং কৃষি সম্প্রসারণের বিষয়গুলোকে একসঙ্গে বিবেচনায় আনা হয়েছে। পাশাপাশি জীববৈচিত্র্য রক্ষা ও পরিবেশগত ভারসাম্য বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষজ্ঞদের মতে, আইনটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে হাওর অঞ্চলের পরিবেশ সুরক্ষা ও টেকসই উন্নয়নে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এএডি/