অনিবার্য কারণবশত ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ এপ্রিলের পরিবর্তে ১৬ এপ্রিল এই রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা প্রদান করা হবে। মঙ্গলবার (৭ এপ্রিল) তথ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১৬ এপ্রিল বিকাল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে এই পুরস্কার প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের পরিবর্তে এই নতুন সময়সূচি নির্ধারণ করা হয়েছে। পুনর্নির্ধারিত তারিখের জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে পুনর্নির্ধারিত তারিখের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া (মরণোত্তর), সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর), সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন। গত ৫ মার্চ মন্ত্রিসভা বৈঠকে পুরস্কারপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত হয়।