ইন্টারিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সনদটি

2026-10-31T20:40:02+00:00
2026-10-31T21:42:17+00:00
 
  শনিবার, ৩১ অক্টোবর ২০২৬,
১৫ কার্তিক ১৪৩৩
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
জাতীয়
ইন্টারিমের সময় করা জুলাই সনদের আইনি ভিত্তি নেই : স্বরাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ৮:৪০ পিএম  আপডেট: ৩১.১০.২০২৬ ৯:৪২ পিএম
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি : সংগৃহীত
অন্তর্বর্তী সরকারের সময়ে প্রণীত জুলাই জাতীয় সনদের সরাসরি কোনো আইনি ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তবে সনদটি ঘিরে রাজনৈতিক সমঝোতার গুরুত্ব দেখছেন তিনি। 

শনিবার (৩১ অক্টোবর) জুলাই স্মৃতি জাদুঘরে ‘স্বাধীনতা-পরবর্তী বাংলাদেশের সাংবিধানিক সংকট ও বাকশাল’ শীর্ষক এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ইন্টেরিম গভর্নমেন্টের সময় যে জুলাই জাতীয় সনদ প্রণীত হলো, তার কি কোনো আইনি ভিত্তি আছে? নাই। কিন্তু এই রাজনৈতিক সমঝোতাটা আইনি ভিত্তির চেয়েও বেশি।’

সনদের আইনি স্বীকৃতি নিয়ে আলোচনার প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘যখন প্রশ্ন উঠেছিল জনগণ এটি চায় কি চায় না এবং জাতীয় ঐকমত্য কমিশনের শেষ দিকে এসে এর আইনি ভিত্তি দেয়া নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছিল, তখন বিষয়টি একটি চূড়ান্ত সিদ্ধান্তে নিয়ে আসার প্রয়োজন দেখা দেয়।’

সালাহউদ্দিন আহমদ বলেন, সনদকে আইনি ভিত্তি দেওয়ার বিষয়ে সে সময় নানা আলোচনা হয়েছিল। আমরা তখনও বলেছিলাম আমরা সুপ্রিম কোর্টের কাছে যাই। কিন্তু কেউ আর রাজি হলো না। পরবর্তীতে সুপ্রিম কোর্টের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে আলোচনা করা হলে তারাও এই দায়িত্ব নিতে চায়নি। আদালত থেকে বলা হয়েছে—এটি একটি রাজনৈতিক বিষয়, আপনারাই রাজনৈতিকভাবে এর সমাধান করুন।’

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এ জন্য রাজনৈতিক ঐক্য ও বিরোধী দলের সহযোগিতা প্রয়োজন। জাতীয় স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ভবিষ্যতে স্বৈরশাসন ও ফ্যাসিবাদের উত্থানের পথ বন্ধ করতে হবে। এ ক্ষেত্রে রাজনৈতিক ঐক্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, ‘এ রাষ্ট্রে যেন আর কোনো ‘জুলাই’ সংঘটিত না হয়, সে জন্য সংবিধানে প্রয়োজনীয় সংস্কার করা হবে। সংবিধান সংস্কারের বিষয়ে আলোচনার প্রয়োজন রয়েছে। তবে লংমার্চের মাধ্যমে এ সমস্যার সমাধান সম্ভব নয়।’


বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিচার কার্য পরিচালনায় বিচারকেরা যথেষ্ট স্বাধীন। দেশ ও জনগণই সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। জনগণের ভোটে জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে তারাও সার্বভৌম হবেন।

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতায় সরকারের বিশ্বাসের কথা জানিয়ে তিনি বলেন, বিচার বিভাগ, গণমাধ্যম ও নির্বাচন কমিশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক সমঝোতার মাধ্যমে অনেক সংকট এড়ানো সম্ভব। রাজনৈতিক বিভাজন সৃষ্টি না করে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধনের বিষয়ে বিরোধী দলকে আলোচনায় অংশ নেওয়ার আহ্বান জানান তিনি। 

সময়ের আলো/জেডি 
  বিষয়:   অন্তর্বর্তীকালীন সরকার  জুলাই সনদ  আইনি ভিত্তি  স্বরাষ্ট্রমন্ত্রী 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: